Published : 10 Jul 2026, 06:47 PM
সাতক্ষীরা সদর উপজেলায় দুদিন আগে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আলিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুলপোতা গ্রাম থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয় বলে সাতক্ষীরা থানার ওসি মাসুদুর রহমান জানান।
নিহত ১৪ বছর বয়সী আব্দুর রহমান কুলতলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি আবাসন প্রকল্পে বাস করতেন।
পরিবারের বরাতে সাতক্ষীরা থানার ওসি মাসুদুর রহমান বলেন, গত বুধবার থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
“শুক্রবার সকালে সরকারি আবাসন প্রকল্পে তাদের বসতঘরের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুর রহমানের বলে শনাক্ত করেন।”
এরপর মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিহতের মৃত্যুর কারণ জনা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।