Published : 10 Jul 2026, 06:54 PM
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পাচারের সময় ডায়মন্ডের ২১৬টি নাকফুল জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক এবং দেশটির দুই নাগরিককে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকালে ভারত থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে নাকফুল জব্দ ও তাদের আটক করা হয় বলে জানান সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটকরা হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের সন্তোষ দাসের ছেলে ট্রাক চালক সমরেশ দাস এবং একই এলাকার সুধীর মণ্ডলের ছেলে রাম মণ্ডল।
শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারত থেকে পণ্যবাহী একটি ট্রাকে বিপুল ডায়মন্ডের নাকফুল বাংলাদেশে পাচারের চেষ্টা করার খবর পেয়ে ভোমরা চেকপোস্ট এলাকায় বিজিবির একটি বিশেষ অভিযানিক দল অবস্থান নেয়।
এরপর ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে রপ্তানিকারক একটি ট্রাক ভোমরা চেকপোস্টে প্রবেশ করলে সেটি থামিয়ে তল্লাশি চালান বিজিবি। তল্লাশির এক পর্যায়ে ট্রাকে ২১৬টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল পাওয়া যায়। সেইসঙ্গে ভারতীয় ট্রাক ও চালকসহ দুইজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ডায়মন্ডের নাকফুলের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য এক কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে এসব মূল্যবান পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, এ ধরনের অবৈধ চোরাচালানের কারণে একদিকে যেমন দেশি শিল্প ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়।
সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং রাজস্ব সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।