Published : 24 Jun 2026, 09:27 PM
বিশ্বকাপে টানা দুই ম্যাচে জোড়া গোল করা কিলিয়ান এমবাপেকে কদিন পরই কোচিং করাবেন জোসে মরিনিয়ো। সময়ের সেরা ফুটবলারদের একজনকে নিয়ে কী পরিকল্পনা রেয়াল মাদ্রিদের নতুন কোচের? দ্বিতীয় মেয়াদে স্প্যানিশ ক্লাবটির দায়িত্বে ফেরা মরিনিয়ো বললেন, ফরাসি তারকাকে আরও দুর্দান্ত খেলোয়াড় বানাতে চান তিনি।
উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপে। সেনেগালের পর ইরাকের বিপক্ষেও দুইবার জালের দেখা পান তিনি। আসরে তার চেয়ে বেশি গোল করতে পেরেছেন কেবল আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি (পাঁচটি)।
বিশ্বকাপে ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমবাপে। তার সমান ১৬টি গোল করেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। ১৮ গোল করে রেকর্ডটি মেসির।
বিশ্বকাপের এরই মধ্যে শেষ বত্রিশে খেলা নিশ্চিত করেছে ফ্রান্স। গ্রুপ পর্বে তাদের ম্যাচ বাকি আছে আরেকটি। আগামী শুক্রবার নরওয়ের মুখোমুখি হবে গত দুই আসরের ফাইনালিস্টরা। তাই এমবাপের সামনেও সুযোগ রয়েছে গোল সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার।
তিন বছরের চুক্তিতে চলতি মাসের শুরুতে রেয়াল মাদ্রিদের দায়িত্ব নেন মরিনিয়ো। প্রথম দফায় রেয়ালের দায়িত্ব নেন তিনি ২০১০ সালে। ২০১৩ সালে বিদায় নেওয়ার আগ পর্যন্ত দলটিকে এনে দেন একটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ কাপ।
আনুষ্ঠানিকভাবে রেয়ালের দায়িত্ব নেওয়ার পর ‘ভ্যানিটি ফেয়ারকে’ প্রথম সাক্ষাৎকার দেন ৬৩ বছর বয়সী মরিনিয়ো। সেখানে পর্তুগিজ কোচ রেয়াল ও ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। সঙ্গে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসান এমবাপেকেও।
“সবকিছু নিজের চোখে দেখতে হবে। এই মুহূর্তে যেসব বিষয় আমার অজানা, সেগুলো জানতে হবে। এখন পর্যন্ত শুধু সংবাদমাধ্যমে যা পড়েছি এবং টিভিতে যা দেখেছি, সেটুকুই জানি। খেলোয়াড়দের চিনতে হবে। এখন কথা বলার সময় নয়। এখন একদম শান্ত থাকার সময়; পরিস্থিতি বিশ্লেষণ করা, সবার সঙ্গে যোগাযোগ রাখা, প্রশ্ন করা এবং উত্তর খোঁজার সময়। অত্যন্ত সাবলীল ও সৎ আলোচনা প্রয়োজন।”
“কারণ দিনশেষে, আমি চাই খেলোয়াড়দের আরও ভালো করতে, দলকে আরও শক্তিশালী করতে এবং ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার পথে সাহায্য করতে। আমি এখানে সবাইকে সাহায্য করতে এসেছি, সমালোচনা করতে নয়, কথা বলতে নয় বরং শুনতে এসেছি। কিলিয়ান এমবাপের ব্যাপারে আমি এটুকুই বলতে পারি, সে অসাধারণ এক খেলোয়াড়। চেষ্টা করব তাকে এখনকার চেয়ে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করতে।”
২০২৪ সালে পিএসজি ছেড়ে রেয়ালে যোগ দেন এমবাপে। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ১০৩ ম্যাচ খেলে ৮৬ গোল করেছেন তিনি।