Published : 23 Jul 2026, 06:00 PM
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির কয়েক প্রজন্মের কিছু শিল্পী সোচ্চার হলেও, সেই সংখ্যা খুব একটা বেশি নয়; বিশেষ করে তারকাদের বেরিশভাগই নীরব।
অভিনয়শিল্পীদের এমন নীরবতা নিয়ে কটাক্ষ করেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তাদের (শিল্পী সমাজ) বিবেক যখন বলবে, তখনই তারা মুখ খুলবে। একটা প্রবাদ আছে, মুখে হাড় নিয়ে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। যেইমাত্র হাড়টা মুখ থেকে পড়ে যায়, বা তাদের দাঁত ভেঙে যায়, তখনই তারা ঘেউ ঘেউ করে।”
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন শাহ আরও বলেন, “দেখার বিষয়, কতদিন তারা চুপ করে থাকবেন। সময়ই তা বলে দেবে।”
এর আগে বুধবার রাতে সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে দেশ পরিচালনাকারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাসিরুদ্দিন শাহ। নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত দিল্লির পুলিশদের গুণ্ডার সঙ্গে তুলনা করেছেন তিনি। তাদের তুলনা করেছেন একটি বিদেশি সংস্থার এজেন্টের সঙ্গেও।
পাশাপাশি আশা না ছেড়ে শিক্ষার্থীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন।
ভিডিও বার্তায় নাসিরুদ্দিন বলেন, “যদি কোনো অশিক্ষিত ব্যক্তি এই দেশ পরিচালনা করেন, তাহলে তিনি চাইবেন পুরো দেশও যেন তার মতই অজ্ঞ, অশিক্ষিত, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক।”
শিক্ষার্থীদের উপর লাঠিপেটার নিন্দা জানিয়ে নাসিরউদ্দিন বলেন, ‘‘আমি রাগে ফুঁসছি। আমার মন ভারাক্রান্ত। দেখতে পাচ্ছি, আমাদের বাচ্চাদের উপরে কীভাবে নির্যাতন করছে ওই গুন্ডারা, যাদের দেখে আমেরিকার এজেন্টদের কথা মনে পড়ছে। ওদের মুখে মুখোশ, হাতে ডাণ্ডা। আপনাদের সন্তারদের কথাটাও একটু ভাবুন। ভুলে যাবেন না, এর পরিণাম আপনাদেরও ভোগ করতে হবে।”
পাশাপাশি তরুণদের হার না মানার বার্তা দিয়েছেন অভিনেতা।
তিনি বলেন, “সাহস ও মনোবল হারাবেন না। তরুণদের বিষয়ে আমরা বরাবরই আশাবাদী। এখন সেই আশা, ভরসা আরও বেড়েছে। অনেক মানুষ আপনাদের পাশে আছে, তাদের সহানুভূতি আপনাদের সঙ্গে আছে। আপনারা আপনাদের লড়াই চালিয়ে। আমরা আপনাদের সঙ্গে আছি।”
ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (নিট) অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা।
সিজেপি ‘সংসদ চলো’ কর্মসূচি নিয়ে দিল্লিতে সোমবার পথে নামে। সেদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে, কাঁদুনে গ্যাস ছোড়ে ও জলকামান ব্যবহার করে। কয়েক ঘণ্টার মধ্যে রণক্ষেত্রে রূপ নেয় রাজধানী দিল্লি। বিক্ষোভকারীদের আটকের ঘটনা ঘটে মুম্বাইয়েও।
আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া সাধারণ পোশাকে থাকা কিছু মানুষও হাতে লাঠি নিয়ে তাদের উপরে চড়াও হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
মাসের শুরুতে এই আন্দোলনে যোগ দেন সমাজকর্মী সোনম ওয়াংচুক; দিল্লিল যন্তর মন্তরে তিনি অনশন শুরু করেন।
আন্দোলনকারীদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের আলোচনা হলেও, কোনো সুরাহা হয়নি। আন্দোলন এখনো চলছে।
সিজেপি ও তাতে শামিল হওয়া আন্দোলনকারীদের সমর্থন করছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শবানা আযমি, তিনি রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে তাদের প্রতি সংহতি জানিয়েছে।
আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বলিউডের তারকা অভিনেতা সালমান খান। শিক্ষার্থীদের আন্দোলন ‘শান্তিপূর্ণূ’ ছিল মন্তব্য করে এই প্রতিবাদ যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়, সরকারের কাছে নেই আর্জি রেখেছেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলন-প্রতিবাদই সঠিক পথ বলেও মনে করেন তিনি।
সরকারের সমালোচনা করেছেন অভিনেত্রী নন্দিতা দাস, প্রীতি জিনতা, পরিচালক অনুরাগ কাশ্যপ।
এছাড়া এ সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, দিলজিৎ দোসাঞ্জ, প্রীতি জিনতা, ভূমি পেডনেকার, হুমা কুরেশি, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারি, সুতপা সরকার, রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং সংগীত শিল্পী অরিজিৎ সিংও আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন:
'আন্দোলন শান্তিপূর্ণ ছিল, রাজনীতি ঢোকাবেন না', শিক্ষার্থীদের পাশে
'ককরোচদের' লাঠিচার্জ: পুলিশকে 'গুন্ডা' আর দেশ পরিচালনাকরীকে 'অশিক
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ
'আমরা সন্ত্রাসবাদী নই', সিজেপির আন্দোলনে 'রং দে বাসন্তী'র দৃশ্য ভাইরাল
'নিজেদের ভগবান মনে করছেন?' সিজেপির উপর হামলায় প্রতিবাদী অরিজিৎ
ককরোচ পার্টির আন্দোলন: অভিনেত্রী স্বরার স্বামী আটক, সোচ্চার বলিউড