Published : 22 Jul 2026, 02:27 PM
ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (নিট) অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিস্থিতি যখন উত্তাল, তখন সোশাল মিডিয়ায় ছড়িয়েছে ‘রং দে বাসন্তী’ সিনেমার একটি দৃশ্য।
বিশ বছর আগে মুক্তি পাওয়া অভিনেতা আমির খান অভিনীত সিনেমাটি এই সময়ের প্রতিবাদী-সমর্থকদের মনের কথা তুলে ধরেছে বলে জানিয়েছেন ইন্ডিয়া টুডে। জবাবদিহিদা ও প্রতিবাদ নিয়ে তৈরি ভিডিও ক্লিপটি অনেকের মন ছুঁয়েছে বলে সোশাল মিডিয়ায় জানিয়েছেন তারা।
দিল্লি ও মুম্বাইজুড়ে চলমান বিক্ষোভে অভিনেতা আমির খান, অতুল কুলকার্নি, শারমান জোশি এবং কুনাল কাপুর অভিনীত এই দৃশ্যটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।
এই আন্দোলনের নেতৃত্বে দিচ্ছে ককরোচ জনতা পার্টির (সিজেপি)। তাদের ডাকে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, অনশনে বসেছেন ভারতের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্রে রূপ নেয় রাজধানী দিল্লি।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে, কাঁদুনে গ্যাস ছোড়ে ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীদের আটকের ঘটনা ঘটে মুম্বাইয়েও।
ঠিক এই সময়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে ‘রং দে বাসন্তী’র ভিডিও। যেখানে রয়েছে সেই জবাবদিহি ও পরিবর্তনের বার্তা বহনকারী দৃশ্য যা মানুষের মনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে।
ভিডিওর নেপথ্যে শোানা যাচ্ছে সিনেমার আলোড়ন তোলা সেই সংলাপ, “আমরা কোনও সন্ত্রাসবাদী নই। আমাদের পেছনে কোনো বিদেশি শক্তির হাত নেই। আজ আমরা শুধু এটুকু বলতে এসেছি কিছু একটা করতেই হবে। আমাদের প্রত্যেককেই কিছু করে দেখাতে হবে।”

এরপর অভিনেতা সিদ্ধার্থ নারায়ণ রাজনীতি, নাগরিকের দায়িত্ব এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে শোনা যায়।
তার সংলাপ হল, “এই নেতারা আকাশ থেকে পড়েনি। তারা আমাদেরই একজন। আমরাই তাদের নির্বাচিত করেছি। যদি তারা দুর্নীতিগ্রস্ত হয় তবে আমরাও সেই দুর্নীতির অংশ। কিছু বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হবে।”
সিজেপি ও তাতে শামিল হওয়া আন্দোলনকারীদের সমর্থন করছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শবানা আযমি, তিনি রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে তাদের প্রতি সংহতি জানিয়েছে। সরকারের সমালোচনা করেছেন অভিনেত্রী নন্দিতা দাস।
এছাড়া এ সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, দিলজিৎ দোসাঞ্জ, প্রীতি জিনতা, ভূমি পেডনেকার, হুমা কুরেশি, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারি, সুতপা সরকার, রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং সংগীত শিল্পী অরিজিৎ সিংও আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।