Published : 23 Jul 2026, 01:17 AM
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে দেশ পরিচালনাকারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত দিল্লির পুলিশদের গুণ্ডার সঙ্গে তুলনা করেছেন তিনি। তাদের তুলনা করেছেন একটি বিদেশি সংস্থার এজেন্টের সঙ্গেও।
পাশাপাশি আশা না ছেড়ে শিক্ষার্থীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন।
ভিডিও বার্তায় নাসিরুদ্দিন বলেন, “যদি কোনো অশিক্ষিত ব্যক্তি এই দেশ পরিচালনা করেন, তাহলে তিনি চাইবেন পুরো দেশও যেন তার মতই অজ্ঞ, অশিক্ষিত, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক।”
ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (নিট) অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সিজেপির ‘সংসদ চলো’ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে, কাঁদুনে গ্যাস ছোড়ে ও জলকামান ব্যবহার করে। রণক্ষেত্রে রূপ নেয় রাজধানী দিল্লি।বিক্ষোভকারীদের আটকের ঘটনা ঘটে মুম্বাইয়েও।
শিক্ষার্থীদের উপর লাঠিপেটার নিন্দা জানিয়ে নাসিরউদ্দিন বলেন, ‘‘আমি রাগে ফুঁসছি। আমার মন ভারাক্রান্ত। দেখতে পাচ্ছি, আমাদের বাচ্চাদের উপরে কীভাবে নির্যাতন করছে ওই গুন্ডারা, যাদের দেখে আমেরিকার এজেন্টদের কথা মনে পড়ছে। ওদের মুখে মুখোশ, হাতে ডাণ্ডা। আপনাদের সন্তারদের কথাটাও একটু ভাবুন। ভুলে যাবেন না, এর পরিণাম আপনাদেরও ভোগ করতে হবে।”
পাশাপাশি তরুণদের হার না মানার বার্তা দিয়েছেন অভিনেতা।
তিনি বলেন, “সাহস ও মনোবল হারাবেন না। তরুণদের বিষয়ে আমরা বরাবরই আশাবাদী। এখন সেই আশা, ভরসা আরও বেড়েছে। অনেক মানুষ আপনাদের পাশে আছে, তাদের সহানুভূতি আপনাদের সঙ্গে আছে।
“আপনারা আপনাদের লড়াই চালিয়ে। আমরা আপনাদের সঙ্গে আছি।”
আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া সাধারণ পোশাকে থাকা কিছু মানুষও হাতে লাঠি নিয়ে তাদের উপরে চড়াও হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
মাসের শুরুতে এই আন্দোলনে যোগ দেন সমাজকর্মী সোনম ওয়াংচুক; দিল্লিল যন্তর মন্তরে তিনি অনশন শুরু করেন।
আন্দোলনকারীদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের আলোচনা হলেও, কোনো সুরাহা হয়নি। আন্দোলন এখনো চলছে।
লাঠিচার্জের প্রতিবাদে একইদিনে বিক্ষোভে নামে কংগ্রসেও। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসা বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে টেনে হিঁচড়ে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। তবে তাদেরকে কয়েকঘন্টা আটকে রাখার পর রাত ৯ টার দিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সিজেপি ও তাতে শামিল হওয়া আন্দোলনকারীদের সমর্থন করছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শবানা আযমি, তিনি রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে তাদের প্রতি সংহতি জানিয়েছে। সরকারের সমালোচনা করেছেন অভিনেত্রী নন্দিতা দাস, প্রীতি জিনতা, পরিচালক অনুরাগ কাশ্যপ।
এছাড়া এ সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, দিলজিৎ দোসাঞ্জ, প্রীতি জিনতা, ভূমি পেডনেকার, হুমা কুরেশি, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারি, সুতপা সরকার, রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং সংগীত শিল্পী অরিজিৎ সিংও আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।
আরও পডুন-
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ
‘আমরা সন্ত্রাসবাদী নই’, সিজেপির আন্দোলনে ‘রং দে বাসন্তী’র দৃশ্য ভাইরাল
‘নিজেদের ভগবান মনে করছেন?’ সিজেপির উপর হামলায় প্রতিবাদী অরিজিৎ
ককরোচ পার্টির আন্দোলন: অভিনেত্রী স্বরার স্বামী আটক, সোচ্চার বলিউডি তারকারা