১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নিজেদের ভগবান মনে করছেন?’ সিজেপির উপর হামলায় প্রতিবাদী অরিজিৎ

“মনে রাখবেন, পরিবর্তনই হল একমাত্র নিয়ম।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 01:45 AM

Updated : 11 Sep 2026, 03:42 PM

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থক ও শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সোচ্চার হয়েছেন ভারতীয় শিল্পী অরিজিৎ সিং। 

সরকারের মন্ত্রী ও দলের নেতারা নিজেদের ভগবান ভাবছেন কী না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। 

অরিজিৎ এক্সে এক পোস্টে লিখেছেন, “আরে এখন তো আপনারা শিক্ষার্থীদের পেটাচ্ছেন! আপনারা এতটুকুও লজ্জিত নন?

“এই যে নেতা-মন্ত্রীরা, নিজেদের কি ভগবান মনে করছেন? সব মনে থাকবে। হর হর মহাদেব। মনে রাখবেন, পরিবর্তনই হল একমাত্র নিয়ম।”

ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (নিট) অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

দিল্লিতে সিজেপির ‘সংসদ চলো’ কর্মসূচিতে সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি, মুম্বাইয়েও বিক্ষোভকারীদের আটকের ঘটনা ঘটে। এ সময় বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে আটক করেছে মুম্বাই পুলিশ।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে, কাঁদুনে গ্যাস ছোড়ে ও জলকামান ব্যবহার করে। 

সিজেপিকে সমর্থন করছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শবানা আজমি, এ সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, দিলজিৎ দোসাঞ্জ, প্রীতি জিনতা, ভূমি পেডনেকার, হুমা কুরেশি, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারি, সুতপা সরকার, নন্দিতা দাসও সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। 

আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজাও।

এবার সংহতি জানানোর কাতারে শামিল হলেন অরিজিৎ সিং। 

রাজনৈতিক বিষয়ে এর আগেও সরব হতে দেখা গেছে অরিজিৎ সিংকে। ২০২৪ সালে কলকাতায় আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায়ও ন্যায়বিচার চেয়ে একটি গান গেয়েছিলেন অরিজিৎ।

সেবার সোশাল মিডিয়ায় একটি পোস্টে অরিজিৎ লিখেছিলেন, “এই গান দেশের সব চিকিৎসকদের জন্য গাওয়া, যারা বিপদ উপেক্ষা করে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন। এটা কেবল প্রতিবাদের গান নয়, এটা প্রতিরোধেরও গান।”

সিজেপি পার্টির প্রতি সংহতি প্রকাশ করায় অরিজিতের প্রশংসা করেছেন তার ভক্তরা। তাদের ভাষ্য, অরিজিৎ 'সাহসী মানুষ', আগেও সত্য কথা বলতে ছাড়েননি তিনি।