Published : 23 Jul 2026, 05:58 PM
লর্ডসের পিচ নিয়ে উদ্বেগের কারণে, এখান থেকে আগামী বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সরিয়ে নেওয়ার আলোচনা চলছিল। চলে এলো আনুষ্ঠানিক ঘোষণাও। ২০২৫-২৭ চক্রের ফাইনাল হবে ওভালে।
আগামী বছরের ইংলিশ গ্রীষ্মের সূচি বৃহস্পতিবার ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওভালে ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হবে ৯ জুন।
২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হয় ওভালে, যেখানে ভারতকে হারিয়ে সেরা হয় অস্ট্রেলিয়া। আর ২০২১ সালে প্রথম চক্রের ফাইনাল গড়ায় সাউথ্যাম্পটনে, ওই ম্যাচে ভারতকে হারায় নিউ জিল্যান্ড।
লর্ডসে ২০২৫ সালের ফাইনাল সফল হওয়ায়, পরের তিনটি চক্রের ফাইনাল আয়োজনের দায়িত্ব ইংল্যান্ডকে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। ২০২৭ সালের ফাইনালও ক্রিকেট তীর্থে আয়োজন করার পরিকল্পনা ছিল। কিন্তু মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এমসিসি লর্ডসের পিচ উন্নয়নের পরিকল্পনা নেওয়ায় ইসিবি ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
এবারের গ্রীষ্মে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের টেস্টে তুমুল সমালোচনার শিকার হয়েছিল লর্ডসের উইকেট। অতিরিক্ত সিম মুভমেন্ট ও অসম বাউন্স মিলিয়ে উইকেট ছিল মাত্রাতিরিক্ত বোলিং সহায়ক। ১৬৬ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচটি। ১৪০ বছরের মধ্যে লর্ডসে সংক্ষিপ্ততম টেস্ট সেটি, যেখানে দুই দল উভয় ইনিংসে অলআউট হয়েছে। আইসিসি পরে লর্ডসের উইকেটকে ‘অসন্তোষজনক’ রায় দিয়ে একটি ডিমেরিট পয়েন্ট দেয়।
ভবিষ্যতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে ফিরবে, আশাবাদী এমসিসি। ২০২৯ সালেই এই শিরোপার লড়াই আয়োজন করার আশায় আছে তারা।
লর্ডস থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরে যাওয়ায় একরকম ভালোই হয়েছে বাংলাদেশের জন্য। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি ঐতিহ্যবাহী এই ভেন্যুতে খেলবে তারা। আর ম্যাচটি হবে ২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট। মাঠের লড়াই শুরু ২৮ মে।
ঘরের মাঠের অ্যাশেজের প্রস্তুতি হিসেবে মূলত বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি খেলবে ইংল্যান্ড। আগামী ১৮ জুন ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী সিরিজটি।
পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে লর্ডসে, শুরু ২০ জুন। পরের তিনটি টেস্ট যথাক্রমে এজবাস্টন, সাউথ্যাম্পটন ও ওভালে; ম্যাচগুলো শুরু ৮ জুলাই, ২১ জুলাই ও ২৯ জুলাই।
আগামী বছরের জুন-জুলাইয়ে হবে মেয়েদের অ্যাশেজ। একমাত্র টেস্টটি হবে হেডিংলিতে, শুরু ২৪ জুন। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নারী দল।
আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ইংলিশ গ্রীষ্ম। পাঁচটি ম্যাচ হবে যথাক্রমে ১৫, ১৯, ২১, ২৩ ও ২৬ মে। আগামী বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড।
সেপ্টেম্বরেই বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ডের মেয়েরা। এই প্রথম ইংল্যান্ডে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবেন নিগার সুলতানারা।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে লর্ডসে, ৮ সেপ্টেম্বর। ১০ ও ১২ সেপ্টেম্বর পরের দুই ম্যাচ টন্টন ও উস্টারে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৭ সেপ্টেম্বর হোভে। পরের দুই ম্যাচ ২১ ও ২৪ সেপ্টেম্বর ক্যান্টারবুরি ও চেমসফোর্ডে।