Published : 11 Jul 2026, 11:06 AM
স্পেনের বিপক্ষে হেরে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর রেফারি মাইকেল অলিভারের একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝারলেন বেলজিয়াম কোচ হুডি গাহসিয়া। তিনি বুঝতেই পারছেন না স্পেনের ডি বক্সে রদ্রির ‘হ্যান্ডবল’ কেন ভিএআরে রিভিউ করলেন না রেফারি।
লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে হেরেছে বেলজিয়াম।
ম্যাচের ৬৬তম মিনিটে নিজেদের ডি-বক্সে সতীর্থ এমরিক লাপোখ্তের হেডে বল লাগে লাফিয়ে উঠা রদ্রির হাতে। স্পেন অধিনায়কের হাত ছিল শরীরের খুব কাছে।
সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন বেলজিয়ামের খেলোয়াড়রা। কিন্তু তাতে সাড়া দেননি রেফারি অলিভার। খেলা চালিয়ে যাওয়ার ইশারা দেন তিনি। পরে ভিএআর এই ঘটনা রিভিউ করেনি।
ম্যাচে তখন ছিল ১-১ সমতা। এই পরিস্থিতিতে বেলজিয়াম পেনাল্টি পেলে খেলার চিত্র বদলে যেতেই পারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, সম্ভাব্য পেনাল্টি পরীক্ষা না করায় ক্ষোভ প্রকাশ করলেন বেলজিয়াম কোচ গাহসিয়া।
“আমরা স্পেনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছি। এর বাইরে আমরা তিবো কোর্তোয়াকেও হারাই, যা দুর্ভাগ্য। কেভিন ডে ব্রুইনাকেও আমাদের আগেভাগে বদলি করাতে হয়। আর এরপর, আমি জানি না মাইকেল অলিভার কেন ভিএআরে (হ্যান্ডবল) রিভিউ করতে গেলেন না। এটা আমাদের বিপক্ষে গেছে।”