Published : 15 Jul 2026, 06:36 PM
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস আটলান্টার ম্যাচ ঘিরে ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। তবে, নিজেদের ওপর কোনো চাপ দেখছেন না মার্ক গেয়ি। ইংল্যান্ডের ২৬ বছর বয়সী ডিফেন্ডার বললেন, আর্জেন্টিনা যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন, চাপটা তাদের ওপরই।
বাংলাদেশ সময় ১৬ জুলাই ১টায় (এএম) বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। শিরোপা ধরে রাখার অভিযানে এসেছে আর্জেন্টিনা। ১৯৬৬ সালের সুখস্মৃতি পুনরাবৃত্তি করতে মুখিয়ে ইংল্যান্ড।
ঘরের মাঠের সেই বিশ্বকাপের পর, বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনালে কখনই ওঠা হয়নি ইংল্যান্ডের। ১৯৯০ ও ২০১৮ সালে দুইবার সেমি-ফাইনাল পর্যন্ত এসেছিল ‘থ্রি লায়ন্স’রা, কিন্তু সঙ্গী হয় ছিটকে যাওয়ার হতাশা।
২০১৮ সালে, রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল ক্রোয়েশিয়া। সব মিলিয়ে, ৬০ বছর আগের সেই সাফল্যের পর, তৃতীয়বার সেরা চারের লড়াইয়ে নামতে যাচ্ছে ইংল্যান্ড।
প্রতিপক্ষ আর্জেন্টিনা হওয়ায় ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো মারাদোনার সেই বিখ্যাত (একই সাথে কুখ্যাত) ‘হ্যান্ড অব গোল’ থেকে শুরু করে, ১২ বছর পর ডেভিড বেকহ্যামের লাল কার্ড পাওয়া- অনেক বিতর্ক উঠে আসছে এই ম্যাচ ঘিরে।
এই দুই দলের লড়াইয়ে নাটকীয়তা আর বিতর্কের কমতি ছিল না কখনই। এ ম্যাচেও তাই স্নায়ুর চাপ থাকবে উভয় দলের ওপর। তবে গেয়ির মনে হচ্ছে, তাদের ওপর চাপটা কম।
“আর্জেন্টিনার ওপর চাপ থাকবে, কেননা, তারা বিশ্ব চ্যাম্পিয়ন।”
কোয়ার্টার-ফাইনালে নওরয়ের বিপক্ষে ২-১ গোলে জিততে যথেষ্ট ভুগতে হয়েছে ইংল্যান্ডকে। আর্জেন্টিনার বিপক্ষে তাই ‘সেরা ম্যাচ’ খেলতে চান গেয়ি।
“এটা জীবনের সেরা ম্যাচ। দেশের জন্য আপনি যা পারেন, সবই করতে হবে।”