Published : 24 Jun 2026, 11:27 AM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘বি’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কানাডা এবং বসনিয়া-হার্জেগোভিনা ও কাতার। বাংলাদেশ সময় আগামী বুধবার রাত ১টায় শুরু হবে ম্যাচ দুটি।
কানাডা: বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ ড্রয়ের পর, কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের সহ-আয়োজকরা। সুইজারল্যান্ডের সমান ৪ পয়েন্ট নিয়ে, গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।
সুইসদের বিপক্ষে হার এড়ালেই গ্রুপ সেরা হবে কানাডা।
ম্যাচটি হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠতে পারে কানাডা, যদি অন্য ম্যাচটি ড্র হয়।
আবার নিজেরা হারলে এবং অন্য ম্যাচে যদি কাতার জয় পায়, সেক্ষেত্রেও গ্রুপ রানার্সআপ হবে কানাডা। কারণ তখন এই দুই দলের পয়েন্ট হবে সমান এবং মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকবে কানাডা।
এমনকি নিজেরা হারলে এবং অন্য ম্যাচে বসনিয়া জিতলেও গ্রুপ রানার্সআপ হতে পারে কানাডা। কেবল তাদের হারের ব্যবধান বেশ বড় এবং অন্য ম্যাচে বসনিয়া অনেক বড় ব্যবধানে জিতে গোলের ব্যবধান ঘুচিয়ে দিতে পারলেই টেবিলের দৃশ্যপট পাল্টাতে পারে।
গ্রুপের তৃতীয় হয়েও অবশ্য সেরা আট তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে খেলার সুযোগ থাকছে দলটির।
সুইজারল্যান্ড: কাতারের সঙ্গে ১-১ ড্রয়ের পর, বসনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় সুইসরা। ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে।
শেষ ম্যাচে জিতলেই গ্রুপ সেরা হবে সুইজারল্যান্ড।
কানাডার সঙ্গে ড্র করলেই গ্রুপ রানার্সআপ হবে তারা।
নিজেদের ম্যাচে হারলেও, গ্রুপ রানার্সআপ হতে পারে সুইজারল্যান্ড, যদি অন্য ম্যাচ ড্র হয় কিংবা বসনিয়া জয় পায়। তখন এই দুই দলের পয়েন্ট সমান হওয়ায়, মুখোমুখি লড়াইয়ে জেতায় এগিয়ে থাকবে সুইজারল্যান্ড।

এমনকি নিজেরা হারলে এবং অন্য ম্যাচে কাতার জিতলেও গ্রুপ রানার্সআপ হতে পারে সুইজারল্যান্ড; কেবল তাদের হারের ব্যবধান বেশ বড় এবং অন্য ম্যাচে কাতার অনেক বড় ব্যবধানে জিতে গোলের ব্যবধান ঘুচিয়ে দিতে পারলেই টেবিলের দৃশ্যপট পাল্টাতে পারে।
গ্রুপের তৃতীয় হয়েও অবশ্য সেরা আট তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে খেলার সুযোগ থাকছে সুইসদের।
বসনিয়া ও হার্জেগোভিনা: কানাডার সঙ্গে ১-১ ড্রয়ের পর, সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলে ধরাশায়ী হয় দলটি।
গ্রুপ রানার্সআপ হতে হলে নিজেদের অনেক বড় ব্যবধানে জিততে হবে এবং অবশ্যই প্রার্থনা করতে হবে যেন, অন্য ম্যাচে কানাডা বড় ব্যবধানে হারে। তখনই কেবল এই দুই দলের পয়েন্ট সমান ৪ হওয়ার পর, গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
কাতারের সঙ্গে ড্র করলে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় হবে বসনিয়া, তবে ২ পয়েন্ট নিয়ে সেরা আট তৃতীয় দলের একটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
কাতার: সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্রয়ের পর, কানাডার বিপক্ষে ৬-০ গোলে বিপর্যস্ত হয় এশিয়ার দলটি।
গ্রুপ রানার্সআপ হতে কাতারকে নিজেদের ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে এবং প্রার্থনা করতে হবে, অন্য ম্যাচে সুইজারল্যান্ড যেন বড় ব্যবধানে হারে।
তখনই এই দুই দলের পয়েন্ট হবে সমান এবং তাদের মুখোমুখি লড়াই ড্র হওয়ায়, বিবেচনায় আসবে গোল ব্যবধান, যোগ-বিয়োগে সেটা নিজেদের পক্ষে আনতে হবে।