Published : 28 Jun 2026, 12:05 AM
শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থীদের ‘সেতুবন্ধন’ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাবে) হয়ে গেল ‘মিট দ্য রিক্রুটার্স’।
গত বুধবার রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউল্যাব কর্তৃপক্ষ বলেছে, “ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এবং ক্যারিয়ার সার্ভিসেস অফিস-সিএসওর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
“এর মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পান।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১১টি কোম্পানির মধ্যে ছিল- এবি ব্যাংক, আনোয়ার গ্রুপ, অ্যাপেক্স ডিএমআইটি, কোকাকোলা বেভারেজেস বাংলাদেশ লিমিটেড, ড্রিম টেক্সটাইলস মিলস লিমিটেড, এইচআরসফটবিডি, সোক্রিও টেকনোলজিস লিমিটেড, সুখের খামার অ্যাগ্রো, দৈনিক আগামীর সময়, মীনা বাজার এবং ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।
কোম্পানিগুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করেন, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে তথ্য দেন এবং বিভিন্ন শিল্পখাতের চাহিদা ও ক্যারিয়ার গঠনের বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউল্যাবের কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ফয়জুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর এবং হেড অব কমিউনিকেশন আসিফুর রহমান খান, ক্যারিয়ার সার্ভিসেস অফিসের অতিরিক্ত পরিচালক আসলাম হোসেন, এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের পরিচালক শামসুদ্দিন আহমাদ, বিবিএ প্রোগ্রামের পরিচালক ওয়াজির এ এফ আহমাদসহ স্কুল অব বিজনেসের অন্যান্য শিক্ষকরা।