২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ব্যাটিং ধসের পর বড় লিডের পথে নিউ জিল্যান্ড

নাটকীয় তৃতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ আবার মুঠোয় নিয়েছে কিউইরা।

ইংল্যান্ডের ব্যাটিং ধসের পর বড় লিডের পথে নিউ জিল্যান্ড
চতুর্থ উইকেটে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিন শেষ করেন রাচিন রাভিন্দ্রা (বাঁয়ে) ও ড্যারিল মিচেল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 12:03 AM

Updated : 11 Sep 2026, 03:31 PM

ট্রেন্ট ব্রিজ টেস্টের লাগাম হাত বদল হলো আরেকবার। শক্ত ভিতকে কাজে লাগাতে পারল না ইংল্যান্ড। ব্যাটিং ধসে তারা থমকে গেল সাড়ে তিনশ পেরিয়েই। মূল্যবান লিড নিয়ে আবার ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়লেও, রাচিন রাভিন্দ্রার ব্যাটে সুবিধাজনক অবস্থানে এখন নিউ জিল্যান্ড।

সিরিজ নির্ধারণী টেস্টের তৃতীয় দিন শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১২০ রান। প্রথম ইনিংসের ৮৪ রানের লিড মিলিয়ে ২০৪ রানে এগিয়ে আছে সফরকারীরা। 

২ উইকেটে ২২৩ রান নিয়ে শনিবারের খেলা শুরু করে ইংল্যান্ড অলআউট হয় ৩৫৪ রানে। ৬৪ হারায় শেষ ৫ উইকেট। 

দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ড ৫১ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন রাভিন্দ্রা ও ড্যারিল মিচেল। ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা। ৬০ রানে অপরাজিত আছেন রাভিন্দ্রা।

প্রথম ইনিংসে ৩১৭ রানের উদ্বোধনী জুটি পরও ১২১ রানে ১০ উইকেট হারিয়ে ৪৩৮ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। জবাবে বেন ডাকেটের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় ইংল্যান্ড। কিন্তু পরদিন সেটা ধরে রাখতে পারল না বেন স্টোকসের দল।

২০২২ সালে এই মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে টেস্ট জিতেছিল ৫০ ওভারে। সেই ইংল্যান্ড দলের স্টোকস ও জো রুটই শুধু আছেন এবারের দলে। এবার কাজটা যে তাদের জন্য আরও কঠিন, তা বলা অপেক্ষা রাখে না।

প্রথম দুই দিনের ব্যাটিং সহায়ক উইকেট এখন ভাঙতে শুরু করেছে, দেখা যাচ্ছে অসম বাউন্স। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ।

ইংল্যান্ডের পথ হারানোর শুরু তৃতীয় দিনের শুরুতেই। দিনের প্রথম ছয় ওভারের মধ্যে ১০ রানে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট হারায় তারা।

আগের দিনের স্কোরের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি জো রুট (৪৬ বলে ২১) ও জ্যাকব বেথেল ১৩৩ বলে ৭৪)। ন্যাথান স্মিথের বলে এলবিডব্লিউ হন রুট। উইল ও’রোকের বলে স্লিপে ক্যাচ দেন বেথেল।

কিপার-ব্যাটসম্যান জেমি স্মিথ করতে পারেন কেবল এক রান। তিনিও স্মিথের শিকার। স্লিপে দারুণ ক্যাচ নেন মিচেল।

সহজাত আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যান হ্যারি ব্রুক। তবে অন্য প্রান্তে চাপ বাড়তে থাকে। ১৫ রান করে ফেরেন স্টোকস। 

ব্রুক ফিফটি করেন ৬৬ বলে। চমৎকার দুটি ডেলিভারিতে স্টোকসের পর ব্রুককেও (৮০ বলে ৫৮) বোল্ড করেন জ‍্যাক ফোকস। ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়া ব্লেয়ার টিকনারের কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়েছেন এই পেসার।

গাস অ্যাটকিনসন (৮৬ বলে ২৩) ও জফ্রা আর্চারের (৩৩ বলে ১৫) ব্যাটে সাড়ে তিনশ ছাড়াতে পারে ইংল্যান্ড। ৪ রানে শেষ ৩ উইকেট হারায় তারা।

৯১ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সফলতম বোলার স্মিথ। যার এই টেস্টে খেলারই কথা ছিল না, সেই ফোকস ও ও’রোকের শিকার ৩টি করে উইকেট।

নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল নড়বড়ে। নতুন বলে টপ অর্ডার গুঁড়িয়ে দেন আর্চার ও অ্যাটকিনসন।

প্রথম পাঁচ ওভারের মধ্যে প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে বিদায় করেন আর্চার। ল্যাথাম হন এলবিডব্লিউ, স্লিপে ক্যাচ দেন কনওয়ে। 

হেনরি নিকোলস প্রতিরোধের চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি (৪১ বলে ১৬)। তাকে ফেরান অ্যাটকিনসন। 

৫১ রানে ৩ উইকেট হারিয়ে তখন চাপে নিউ জিল্যান্ড। তবে সেই চাপ সরে যায় রাভিন্দ্রা ও মিচেলের জুটিতে। ৮১ বলে ফিফটি করেন রাভিন্দ্রা। চতুর্থ দিনে তিনি ইনিংস কতদূর টেনে নিতে পারেন, সেটিই এখন দেখার। 

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৪৩৮ 

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৮.২ ওভারে ৩৫৪ (আগের দিন ২২৩/২ (বেথেল ৭৪, রুট ২১, ব্রুক ৫৮, স্মিথ ১, স্টোকস ১৫, অ্যাটকিনসন ২৩, আর্চার ১৫, টাং ২, বাশির ০*; স্মিথ ২৩-২-৯১-৪, ও’রোক ২০-৬-৫৩-৩, টিকনার ৩-০-২১-০, স্যান্টনার ১০-০-৫৯-০, সিয়ার্স ১৭-১-৭৩-০, ফোকস ১৫.২-১-৩৫-৩)    

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৩৫ ওভারে ১২০/৩ (ল্যাথাম ৪, কনওয়ে ৫, নিকোলস ১৬, রাভিন্দ্রা ৬০*, মিচেল ২৬*; আর্চার ৭-০-১৪-২, অ্যাটকিনসন ৮-২-২৫-১, টাং ৫-০-২৮-০, বাশির ৯-১-২৮-০, স্টোকস ৬-৩-১৯-০)