Published : 25 Jun 2026, 10:27 AM
দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার। আবার ঝলমলে পারফরম্যান্স উপহার দিলেন ভিনিসিউস জুনিয়র। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে গেল ব্রাজিল। এতে উচ্ছ্বাসে ভেসে না গিয়ে ভক্তদের পা মাটিতে রাখতে বললেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ কার্লো আনচেলত্তি।
ফ্লোরিডায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিউস, একটি মাতেউস কুইয়া। এই ম্যাচ দিয়েই প্রায় তিন বছর পর দেশের হয়ে খেলেছেন তারকা ফরোয়ার্ড নেইমার।
মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে আসর শুরুর পর টানা দুই ম্যাচ ৩-০ ব্যবধানে জিতল ব্রাজিল। গোল পার্থক্যে মরক্কোকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, নক আউট পর্ব শুরুর আগে দলকে এমনই সুদৃঢ় ও ঐক্যবদ্ধ ইউনিট হয়ে উঠতে দেখতে চেয়েছিলেন তিনি।
“এখন আমরা একটা দল হিসেবে খেলছি, এটাই ছিল লক্ষ্য। আমরা নিখুঁত নই, অল্প কিছু ব্যাপারে আমাদের উন্নতি প্রয়োজন- বল দখলে থাকার সময় আমরা আরও গতিময় হতে পারি।”
“আমি খুশি কারণ, প্রথম ম্যাচের পর থেকে দল উন্নতি করছে। আমরা এখন নকআউট পর্বে পৌঁছেছি, এখন নিরেট থাকা খুব গুরুত্বপূর্ণ।”
‘এফ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে শেষ বত্রিশে খেলবে ব্রাজিল। নেদারল্যান্ডস, জাপান কিংবা সু্ইডেন হতে পারে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ।
প্রথম লক্ষ্য পূরণ করে এখন প্রতিপক্ষের নাম জানার অপেক্ষায় আনচেলত্তি। এই সময়টায় সবাইকে শান্ত থাকতে বললেন তিনি।
“আমরা কত দূর যেতে পারব এই লক্ষ্য এখনও আমি ঠিক করিনি। আমাদের লক্ষ্য কেবল স্রেফ ভালো খেলা নয়, আমাদের লক্ষ্য জয়। একজন কোচকে বিবেচনা করা হয় জয় বা পরাজয় দিয়ে, দল ভালো না খারাপ খেলেছে সেটা দিয়ে নয়।”
ব্রাজিলিয়ানদের মধ্যে ক্রমেই দলকে নিয়ে রোমাঞ্চ বাড়ছে। তাদের জন্য মুখে হাসি নিয়ে আনচেলত্তি বলেছেন, “শান্ত থাকুন।”