Published : 26 Jun 2026, 09:23 PM
বিশ্বকাপের পরের ধাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে কেইপ ভার্ডকে হারানোর বিকল্প নেই সৌদি আরবের সামনে। স্পেন ও উরুগুয়েকে রুখে দেওয়া নবাগত দলটিকে নিয়ে বেশ সতর্ক সৌদি আরবের কোচ গিওর্গিওস দনিস।
বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ গ্রুপ ম্যাচে কেইপ ভার্ডের মুখোমুখি হবে সৌদি আরব। স্রেফ এক পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে সবার নিচে আছে তারা।
সমান ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে উরুগুয়ে ও কেইপ ভার্ড। ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে স্পেন। পরের ধাপের টিকেট পাওয়ার সম্ভাবনা টিকে আছে এই গ্রুপের সবারই।
বিশ্বকাপের আগে দিয়ে সৌদি আরবের দায়িত্ব নেন দনিস। কেইপ ভার্ডের বিপক্ষে ম্যাচের দিনে দলটির খেলোয়াড়দের সঙ্গে কাজ করার এক মাস পূর্ণ হবে তারা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখনও তার কোচিংয়ের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি সৌদি আরবের খেলোয়াড়রা। তার মতে, এর জন্য সময়ের প্রয়োজন।
তবে আগামীকালের ম্যাচটি যে তাদের জন্য বাঁচা-মরার খুব ভালো করেই জানেন দনিস। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বললেন, সব কিছুর জন্য তৈরি আছে তার দল।
“বিশ্বকাপের বড় চমকগুলোর একটি কেইপ ভার্ড। তারা শক্তিশালী ও অ্যাথেলটিক। আমাকে যেটা মুগ্ধ করেছে তা হলো- স্পেন ও উরুগুয়ের বিপক্ষে তাদের একদম নিচে নেমে রক্ষণভাগ সামলানোর কৌশল।”
“তারা চ্যালেঞ্জ জানানোয় খুব ভালো ছিল এবং ফাঁকা জায়গা পেলেই আক্রমণে বিপজ্জনক হয়ে উঠেছিল। আগামীকাল আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করব। ঝুঁকি নিতে চাই, তবে তা অবশ্যই সতর্কতার সঙ্গে; কারণ ঠিক কেমন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, সেটা আমরা জানি।”
বিশ্বকাপের নকআউটে এর আগে কেবল একবারই খেলেছিল সৌদি আরব, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র আসরে। এবারের আসরও হচ্ছে যুক্তরাষ্ট্রে, যেখানে যৌথ আয়োজক হিসেবে আছে মেক্সিকো ও কানাডা।