Published : 30 Jun 2026, 10:20 PM
চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে আগুন লেগে ৬ জন দগ্ধ হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ‘এফবি দেশ’ নামে ওই ট্রলারের ইঞ্জিন রুমে আগুন লাগে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন নৌ পুলিশের সদরঘাট থানার ওসি মিজানুর রহমান।
তিনি বলেন, “স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দগ্ধ ৬ জনকে শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
দগ্ধরা হলেন- এফবি দেশের ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল ও শাহ আলম, উইঞ্জ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক সিদ্দিক আহমেদ।
এফবি দেশের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বলেন, “সাগর থেকে মাছ ধরা শেষে সোমবার দুপুর ২টার দিকে আমরা কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পান ঘাট সংলগ্ন অংশে নোঙর করি। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জাহাজের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে যেটুকু ধারণা পেয়েছি, জেনারেটরে স্ফুলিঙ্গ থেকে আগুন লেগেছে।”
এদিকে আগুনের ঘটনায় নগরীর সদরঘাট থানায় এফবি দেশের পক্ষ থেকে জুবায়ের মাহমুদ একটি জিডি করেছেন।