Published : 13 Jun 2026, 11:06 AM
বিশ্বকাপের বেইস ক্যাম্প ক্যানসাস সিটিতে পৌঁছানোর আগে চুরির শিকার হয়েছে ইংল্যান্ড। তাদের অনুশীলনের কিছু সরঞ্জাম খোয়া গেছে।
কী কী সরঞ্জাম চুরি হয়েছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। আশঙ্কা করা হচ্ছে, বল ও বুটসহ বেশ কিছু অনুশীলন সামগ্রী চুরি গেছে।
ক্যানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে দলটির বেইস ক্যাম্পে সরঞ্জাম বহনকারী যানবাহনে হামলা চালায় চোরেরা।
টমাস টুখেল ও তার দল শনিবার বিকালে ক্যানসাস সিটিতে পৌঁছাবে। তার আগেই অনুশীলনের সরঞ্জামগুলো সেখানে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
শুক্রবার রাতে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। তারা এফএ-এর সঙ্গে যোগাযোগ রাখছেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এই চুরির ঘটনা টুখেলের দলের বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পনায় কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, রোববার ইংল্যান্ড দলের খেলোয়াড়দের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে নামবে।