Published : 13 Jun 2026, 11:36 AM
নারী সদস্যদের জন্য জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবার বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এই ভাষা শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার একটি কার্যকর প্লাটফর্ম তৈরি হবে বলেও আশা করছে বাহিনী।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আগামী ৫ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত তিনমাস দেশের মোট ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণ কেন্দ্রগুলো হলো—আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ, ঢাকা; এবং ১১টি জেলা কমান্ড্যান্ট কার্যালয়: ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।
প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে ৫২০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৮ থেকে ২৭ বয়সের নারী সদস্যরা নির্ধারিত অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।