গোমস্তাপুর সীমান্তে ১৫ জনকে ‘পুশ ইনের’ চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ
ভুক্তভোগীদের নৌকায় তুলে দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেয় বিএসএফ। নৌকাটি শূন্যরেখায় আসার পরপর বাধা দেয় বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। পরে বাধার মুখে তাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
শুক্রবার মধ্যরাতে উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয় বলে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রাত পৌনে ১টার দিকে বিএসএফ ১৫ জনকে পুশ ইনের চেষ্টা করে। এদের মধ্যে দুইজন পুরুষ, আটজন নারী ও পাঁচ শিশু ছিল।
ভুক্তভোগীদের নৌকায় তুলে দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেয় বিএসএফ। কিন্তু নৌকাটি শূন্যরেখায় আসার পরপর বাধা দেয় বিজিবি। বাধার মুখে পরবর্তীতে রাত পৌনে ৩টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে ফিরিয়ে নেন।
‘পুশ ইন’ প্রতিরোধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি।
এর আগে ৪ জুন গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে ‘পুশ ইনের’ চেষ্টা করে বিএসএফ। বিজির বাধায় সীমান্তের শূন্যরেখায় দুই দিন অবস্থানের পর তাদের ফিরিয়ে নেওয়া হয়।
