Published : 26 Jun 2026, 10:56 PM
বিশ্বকাপের এবারের আসরে ‘ছোট’ দলগুলোর কাছে ‘বড়’দের ধরাশায়ী হওয়ার ঘটনা এরই মধ্যে ঘটেছে বেশ কয়েকটি। সবশেষ, দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়াকে, চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ধরাশায়ী হয়েছে একুয়েডরের কাছে। এই ম্যাচগুলো থেকে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার অনুপ্রেরণা পাচ্ছে নিউ জিল্যান্ড।
দলটির কোচ ড্যারেন বেইজলি বেলজিয়ামের বিপক্ষে ভ্যানকুভারের ম্যাচটি দেখছেন ‘বাঁচা-মরার লড়াই’ হিসেবে। বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টায়, বিশ্বকাপে প্রথম জয় পাওয়ার দুর্নিবার আকাঙ্ক্ষা নিয়ে দল খেলতে নামবে, বললেন তিনি।
“এই বিশ্বকাপে ইতোমধ্যে অনেক ম্যাচের চমকপ্রদ ফল হয়েছে এবং গতকাল আমরা দেখলাম, দক্ষিণ আফ্রিকা হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়াকে এবং একুয়েডর হারিয়েছে জার্মানিকে- একটা দল ১ পয়েন্ট থেকে ৪ পয়েন্ট করে নিয়ে, নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।”
এই সুযোগ আছে নিউ জিল্যান্ডের সামনেও। গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মিশর। ২ করে পয়েন্ট ইরান ও বেলজিয়ামের। ইরানের বিপক্ষে ২-২ ড্রয়ের পর, মিশরের কাছে ৩-১ গোলে হেরে, ১ পয়েন্ট নিয়ে তলানিতে নিউ জিল্যান্ড। বেইজলির বিশ্বাস, গ্রুপ পেরুনোর সামর্থ্য আছে তার দলের।
“হ্যাঁ, আমাদের বিশ্বাস থাকতে হবে। নিশ্চিতভাবে, দলের মধ্যে সে বিশ্বাসটুকু আছে। আমাদের বিশ্বাস করতে হবে, আমরা যথেষ্ট ভালো; এগিয়ে যেতে পারি; আগামীকাল জিততে পারি এবং যেটা চাই, সেটা অর্জন করতে পারি। আমরা ইতিহাস গড়ার এবং বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরুনোর চেষ্টা করব।”