Published : 18 Jul 2026, 07:15 PM
স্পেনকে নিয়ে দুঃশ্চিন্তার জায়গা কোনটি? একটি-দুটি দিক তুলে ধরার চেষ্টা করলেন না লিওনেল স্কালোনি। হাসতে হাসতে বললেন, দারুণ গতিতে ছুটে চলা স্পেন দলকেই থামানোর চেষ্টা করবে তার দল।
বিশ্বকাপের শুরুতে কেইপ ভার্ডের বিপক্ষে ড্রয়ের পর দুর্বার বেগে ছুটছে স্পেন। সবশেষ সেমি-ফাইনালে, প্রতিযোগিতার সবচেয়ে আগ্রাসী দলের একটি ফ্রান্সকে স্রেফ অকেজো করে রেখে জিতে তারা উঠে এসেছে ফাইনালের মঞ্চে। ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপার পথে অপ্রতিরোধ্য গতিতে ছোটা এই স্পেনকে নিয়ে ভীষণ সতর্ক আর্জেন্টিনা কোচ।
নিউ ইয়র্কে রোববার বাংলাদেশ সময় ১টায় (এএম) মাঠে লড়বে আর্জেন্টিনা-স্পেন। ডাগআউটের লড়াইটা স্কালোনি-লুইস দে লা ফুয়েন্তের। স্পেন কোচ আবার এক দশক আগে স্কালোনি যে কোচিং কোর্স করছিলেন, সেখানে দে লা ফুয়েন্তে ছিলেন শিক্ষক।
ফাইনালের আগে এক অনুষ্ঠানে দেখা হয়েছে গুরু-শিষ্যের। এ নিয়ে অবশ্য ফাইনালের সংবাদ সম্মেলনে কিছুই বলতে চাইলেন না আর্জেন্টিনা কোচ। একই ঘরানার দুই দল ফাইনালে মেলে ধরবে নিজেদের, সাদামাটাভাবে এতটুকুই বললেন বিশ্বকাপজয়ী এই কোচ।
“স্পেন যেভাবে ছুটছে…আমরা তাদের থামানোর চেষ্টা করব (হাসি)। তাদের সবকিছুই আমার দুর্ভাবনার কারণ। আমি আপনাদের বলব না, দে লা ফুয়েন্তের সাথে আমার কী কথা হয়েছে, কেননা, আমরা পরাবাস্তব পরিস্থিতির মধ্যে ছিলাম। আমি সেখানে (অনুষ্ঠানে) গিয়েছিলাম, কারণ তিনি গিয়েছিলেন। আমি তাকে বলেছি, ‘আপনি এসেছেন বলেই আমি এসেছি।’
“ব্যক্তিগতভাবে তিনি আমাকে চেনেন। আমরা বন্ধু। আমরা জানি, কীভাবে স্পেন খেলে এবং অনান্য দলগুলো খেলে। বল পায়ে আমরা একই ঘরানার ফুটবল খেলি।”