Published : 11 Jul 2026, 12:57 PM
‘সম্ভাব্য সেমি-ফাইনাল’ নিয়ে আগে থেকেই চলছিল কথার লড়াই। বেলজিয়ামের বিপক্ষে স্পেনের জয়ের পর ওই লড়াই কদিন পর সত্যিই মাঠে গড়াবে। এর আগে আরও একবার হুঙ্কার ছুঁড়লেন লামিন ইয়ামাল। তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ড মনে করেন, তাদের দলকে ভয় পাওয়া উচিত ফ্রান্সের।
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের জয়ে তাদের সঙ্গী হয় স্পেন।
আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ডালাসে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। তিন বছরের মধ্যে দুই দলের এটা হবে তৃতীয় লড়াই। ২০২৪ সালে ইউরোর সেমি-ফাইনালে ও পরের বছর নেশন্স লিগের সেমি-ফাইনালে জয় পায় স্পেন।
বেলজিয়ামকে হারানোর পর আসন্ন সেমি-ফাইনাল নিয়ে কথা বললেন স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামাল।
“যদি ফ্রান্সের কাউকে ভয় পেতে হয়, সেটা আমরা। আগেও আমরা ওদের বিদায় করেছি। ওদের আমরা দুইবার হারিয়েছি। সত্যি বলতে, আমি মনে করি বিশ্বকাপে আমরাই সেরা দুই দল। আমরা দেখব কী ঘটে, তবে আমাদের কোনো ভয় নেই।”
নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার সেমি-ফাইনালে খেলবে স্পেন, ২০১০ সালের পর প্রথমবার। অন্য দিকে টানা তৃতীয়বার ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে নামবে ফ্রান্স। ২০১৮ আসরের চ্যাম্পিয়নরা গতবার ফাইনালে টাইব্রেকারে হারে আর্জেন্টিনার বিপক্ষে।
দিদিয়ে দেশোঁর দল চলতি আসরেও খেলছে ভালো ফুটবল। আর কেইপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করা ইউরো চ্যাম্পিয়ন স্পেন ক্রমেই উন্নতি করছে।
পর্তুগালের বিপক্ষে লুইস দে লা ফুয়েন্তের দল জিতেছে ১-০ গোলে, বেলজিয়ামের বিপক্ষে জিততে হয়েছে ৮৮তম মিনিটের গোলে। ইয়ামাল মনে করেন, ফল যেমন দেখাচ্ছে এর চেয়ে ভালো ফুটবল খেলছেন তারা।
“মনে হতে পারে যে, আমরা খুব ভালো খেলছি না। কিন্তু প্রতিটা দল আমাদের বিপক্ষে রক্ষণাত্মক থাকে। কেউই আমাদের সঙ্গে সমানে-সমান খেলার চেষ্টা করেনি। তবে দিন শেষে আমরা জয় তুলে নিই, যেটা আজও পেরেছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
“আমরা সেমি-ফাইনালে থাকতে পেরে ভীষণ খুশি। লম্বা সময় আমরা এখানে ছিলাম না এবং ফাইনাল পর্যন্ত আমরা টুর্নামেন্টে থাকতে চাই।”