Published : 26 Jun 2026, 07:37 PM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘জি’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে মিশর ও ইরান এবং নিউ জিল্যান্ড ও বেলজিয়াম। বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টায় শুরু হবে ম্যাচ দুটি।
মিশর: বেলজিয়ামের সঙ্গে ১-১ ড্রয়ের পর, নিউ জিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। ৪ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে।
নিজেরা জিতলেই গ্রুপ সেরা হবে মিশর। হার এড়ালেই নকআউট পর্ব নিশ্চিত দলটির।
নিজেরা ড্র করেও গ্রুপ সেরা হতে পারে মিশর, তবে সেক্ষেত্রে অন্য ম্যাচটিতে বেলজিয়ামের হোঁচট খেতে হবে।
আবার বেলজিয়াম ১ গোলের ব্যবধানে জিতলেও এটা হতে পারে, তখন মিশর ও বেলজিয়ামের পয়েন্ট হবে সমান ৫, সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে যাবে মিশর।
এক্ষেত্রে, বেলজিয়াম যদি ২ গোলে জিতে, তখন প্রযোজ্য হবে কারা বেশি গোল করেছে।
নিজেরা হেরেও গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে উঠতে পারে মিশর, তবে সেজন্য অন্য ম্যাচটি ড্র হতে হবে কিংবা বেলজিয়ামের হারতে হবে।
উপরের কোনো শর্ত পূরণ না হলে, গ্রুপের তিন নম্বর দল হয়ে সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে ওঠায় আশায় থাকবে মিশর।
ইরান: নিউ জিল্যান্ডের সঙ্গে ২-২ ড্রয়ের পর, বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে ইরান। বেলজিয়ামের সমান ২ পয়েন্ট নিয়ে, সমান গোল ব্যবধান হওয়ায়, বেশি গোল করার সুবাদে এগিয়ে দুইয়ে আছে তারা।
মিশরের বিপক্ষেই জিতলেই, নকআউট পর্ব নিশ্চিত ইরানের।
নিজেরা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে ইরান, যদি অন্য ম্যাচে বেলজিয়াম পয়েন্ট হারায়।
বেলজিয়াম জিতলেও গ্রুপ সেরা হতে পারবে ইরান, তবে, সেজন্য তাদের জয়ের ব্যবধান বেলজিয়ামের চেয়ে বড় হতে হবে।
দুই দলের জয়ের ব্যবধানও সমান হলে তখন প্রযোজ্য হবে কারা বেশি গোল করেছে।
নিজেরা ড্র করে গ্রুপ রানার্সআপ হতে পারবে ইরান, যদি অন্য ম্যাচও একইরকম স্কোরলাইনে শেষ হয়।
তখন ইরান ও বেলজিয়ামের পয়েন্ট হবে সমান ৩, এখনকার মতো গোল ব্যবধানও থাকবে সমান, বর্তমানে গোল একটি বেশি করায় এগিয়ে আছে ইরান।
উপরের কোনো শর্ত পূরণ না হলে, গ্রুপের তিন নম্বর দল হয়ে সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে ওঠায় আশায় থাকবে ইরান।
বেলজিয়াম: মিশরের সঙ্গে ১-১ ড্রয়ের পর, ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করে বেলজিয়াম। ইরানের সমান ২ পয়েন্ট নিয়ে, সমান গোল ব্যবধান হওয়ায়, কম গোল করায় পিছিয়ে তিনে আছে তারা।
নিজেদের ম্যাচে জিতলেই নকআউট পর্বে উঠবে বেলজিয়াম।
অন্য ম্যাচটি ড্র হলে, নিজেরা তিন গোলে ব্যবধানে জিতলেই গ্রুপ সেরা হবে বেলজিয়াম।
এমনকি, এই শর্তে দুই গোলে ব্যবধানে জিতলেও বেলজিয়াম সেরা হতে পারে। মিশরের সঙ্গে তাদের পয়েন্ট ও গোল ব্যবধান সমান হওয়ার পর দেখা হবে কারা বেশি গোল করেছে, তাই বেলজিয়ানদের ম্যাচের স্কোরলাইন বড় হতে হবে।
আবার অন্য ম্যাচে ইরান যদি পায়, তাহলে তাদের চেয়ে এক গোলের বেশি ব্যবধানে জিতলেও গ্রুপ সেরা হবে বেলজিয়াম।
এক্ষেত্রে দুই দলের জয়ের ব্যবধান সমান হলে, দেখা হবে কারা বেশি গোল করেছে।
নিজেরা ড্র করে গ্রুপ রানার্সআপ হতে পারবে বেলজিয়াম, যদি অন্য ম্যাচে ইরান হারে।
আবার, এই শর্তে অন্য ম্যাচ ড্র হলেও গ্রুপ রানার্সআপ হতে পারবে বেলজিয়াম, যদি তারা ইরানের চেয়ে দুই গোল বেশি করে।
উপরের কোনো শর্ত পক্ষে না এলে, নিজেদের ম্যাচ থেকে একটি পয়েন্ট নিয়ে তৃতীয় হতে পারে বেলজিয়াম, সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে যাওয়ার আশায় থাকবে।
নিউ জিল্যান্ড: ইরানের সঙ্গে ২-২ ড্রয়ের পর, মিশরের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে দলটি। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা।
নিজেদের ম্যাচে জিতলেই গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠবে নিউ জিল্যান্ড, যদি মিশর অন্য ম্যাচে হেরে না যায়।
আর নিজেরা জিতলে এবং মিশর হেরে গেলে, ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হবে তারা; তবে সেক্ষেত্রে সেরা আটটি তৃতীয় দলের হয়ে একটি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ওশেনিয়া অঞ্চলের দলটির।