আনন্দে ‘আত্মহারা’ দি মারিয়া
সবাইকে উল্লাসে ভাসাতে পেরে খুশি আর্জেন্টিনার অভিজ্ঞ এই মিডফিল্ডার।
দেয়ালে ঠেকে গিয়েছিল পিঠ; হারলেই যে নিতে হতো বিদায়! এমন কঠিন সমীকরণের ম্যাচে কাঙ্ক্ষিত জয়ই ধরা দিয়েছে আর্জেন্টিনার হাতে। তাতে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন দলটির সমর্থকরা। সবাইকে খুশি করতে পেরে আনন্দে আত্মহারা অভিজ্ঞ মিডফিল্ডার আনহেল দি মারিয়া।
কাতার বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি আর্জেন্টিনা। কিন্তু টুর্নামেন্টের শুরুতেই তারা খায় বড়সড় এক ধাক্কা। শক্তিতে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে হেরে যায় ২-১ গোলে। বিশ্বকাপ ইতিহাসে যা সবচেয়ে বড় অঘটনগুলোর একটি।
৩৬ ম্যাচের অপরাজিত পথচলার পর র্যাঙ্কিংয়ে ৪৮ ধাপ পিছিয়ে থাকা সৌদির বিপক্ষে হার আর্জেন্টিনাকে নিয়ে যায় খাদের কিনারে। মেক্সিকোর বিপক্ষে হারলে শেষ হয়ে যেত তাদের বিশ্বকাপে পথচলা। আর ড্র করলে শেষ ষোলোয় খেলার ভাগ্য ঝুলে থাকত অনিশ্চয়তার সুতোয়।
শেষ পর্যন্ত লুসাইল স্টেডিয়ামে ৮৮ হাজার ৯৬৬ জন দর্শকের সামনে ২-০ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। বাঁচিয়ে রাখে পরের ধাপে খেলার আশা। গত প্রায় তিন দশকে বিশ্বকাপের কোনো ম্যাচে এতো দর্শক আর দেখা যায়নি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র আসরের ফাইনাল মাঠে বসে দেখেছিল ৯৪ হাজার দর্শক।
ম্যাচের শুরুতে আর্জেন্টিনা ছিল অগোছালো। যেখানে স্পষ্ট ছিল ভয়ের ছাপ। দ্বিতীয়ার্ধে তারা নিজেদের গুছিয়ে নেয় দারুণভাবে। ৬৪ মিনিটে লিওনেল মেসির জাদুকরী এক গোলে যেন বদলে যায় পুরো দল। যে গোলে অবদান রাখেন দি মারিয়া। তার কাছ থেকেই যে পাসটি পেয়েছিলেন মেসি।
পরে শেষ দিকে তারা করে আরেকটি গোল। উল্লাসে ফেটে পড়ে পুরো লুসাইল স্টেডিয়াম। ম্যাচ শেষে টিওয়াইসি-এর সঙ্গে আলাপকালে দি মারিয়া বলেন, সবাইকে উদযাপনের উপলক্ষ এনে দিতে পেরে বেশ ভালো লাগছে তার ও দলের।
“খুবই খুশি, এই দলটির জন্য আনন্দিত। আমরা খুবই ভালো কাজ করছিলাম, কিন্তু একটি ম্যাচে হেরে যাই। সেখানে যেমনটা প্রত্যাশা করেছিলাম, হয়নি। তবে আজকে আমরা মানুষের জন্য, নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য আনন্দ নিয়ে আসতে পেরেছি। অন্য দিন তারা এসেছিল এবং হতাশ হয়েছিল, তাই আজ আমি সব কিছুর জন্য খুবই খুশি।”
“…অনেক বছর ধরে আমরা খেলছি। লড়াই চালিয়ে গেছি, সবসময় চেষ্টা করেছি সবকিছু উজাড় করে দেওয়ার। আজ কাজে লেগেছে। আমার মনে হয়, সবার জন্যই এটা শান্তির।”
শরীরী ভাষাতেই স্পষ্ট ছিল, কতটা চাপে আছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। সতীর্থরা যেভাবে চাপ সামাল দিয়ে লড়াইয়ে করেছেন তাতে মুগ্ধ দি মারিয়া।
“আজকে আমরা ভালো একটি প্রতিপক্ষের সঙ্গে দারুণ ম্যাচ খেলেছিল। আমরা জানতাম, কঠিন একটি ম্যাচ হবে, খুব বেশি গোল পাব না। তবে এটা ছিল দেখার মতো এক লড়াই, যা ছিল গুরুত্বপূর্ণ।”
শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
