২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি ভক্তকে জার্সি দিলেন লেভানদোভস্কি

বিশ্বকাপে লেভানদোভস্কির প্রথম গোলের পর উল্লাসে ফেটে পড়েন তার ওই ভক্ত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2022, 01:52 PM

Updated : 28 Nov 2022, 01:52 PM

পোল্যান্ডের বিপক্ষে দেশের জার্সি পরেই মাঠে এসেছিলেন সৌদি আরবের একজন। কিন্তু রবের্ত লেভানদোভস্কি গোল করার পর খুলে ফেললেন তিনি সেই জার্সি! উল্লাসে নাচলেন পোলিশ তারকার জার্সি পরে। পরে ওই ভক্তকে স্বাক্ষরিত একটি জার্সি উপহার দিলেন লেভানদোভস্কি।

গত শনিবার সৌদি আরবকে ২-০ গোলে হারায় পোল্যান্ড। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনা স্ট্রাইকার লেভানদোভস্কি। এরপরই ওই ভক্তের উদযাপন। যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরদিন তাকে উপহারটি দেন লেভানদোভস্কি। 

সৌদি আরবের জার্সি পরে আসা ওই ‘বেনামি’ সমর্থক আগে থেকেই ভেতরে পরেছিলেন লেভানদোভস্কির জার্সি। তার প্রিয় তারকা গোল করার পরই উপরের জার্সি খুলে আনন্দে নাচতে শুরু করেন। এরপর ঘুরে জার্সির পেছনে লেভানদোভস্কির নামের দিকে ইঙ্গিত করেন তিনি। আর চিৎকার দিয়ে বলতে থাকেন, ‘ইয়েস, ইয়েস, লেভানদোভস্কি, রবের্ত লেভানদোভস্কি।’

লেভানদোভস্কির সঙ্গে দেখা করে একইভাবে খুশিতে নাচেন ওই ভক্ত। পরে পছন্দের খেলোয়াড়কে জড়িয়ে ধরেন তিনি। নেন স্বাক্ষরিত জার্সিটি।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে গোলের পর গোল করে যাওয়া লেভানদোভস্কি জালের দেখা পাচ্ছিলেন না বিশ্বকাপে। অবশেষে সৌদি আরবের বিপক্ষে এসে সেই অপেক্ষার অবসান হয় তার।

একটি করে ড্র ও জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে আপাতত সবার উপরে পোল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে হার এড়াতে পারলেই তারা পৌঁছে যাবে শেষ ষোলোয়।