২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ শুরুর আগে বেনজেমাকে নিয়ে শঙ্কা

এই তারকা ফরোয়ার্ড অনুশীলনে চোট পেয়েছেন বলে ফরাসি সংবাদমাধ্যমের খবর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2022, 02:27 AM

Updated : 20 Nov 2022, 03:03 AM

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের তিন দিন আগে ফ্রান্স শিবিরে নতুন দুর্ভাবনা। অনুশীলনে ফরোয়ার্ড করিম বেনজেমা চোট পেয়েছেন বলে ফরাসি সংবাদমাধ্যমের খবর।

পায়ের পেশির চোট কাটিয়ে ফ্রান্স দলের সঙ্গে শনিবারই পুরোদমে অনুশীলন শুরু করেন বেনজেমা। তবে অনুশীলন শেষ করতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা।

ফ্রান্সের ক্রীড়া প্রত্রিকা লেকিপে ও আরএমসি স্পোর্ট তাদের প্রতিবেদনে জানায়, চোটের কারণে বেনজেমাকে অনুশীলন থেকে সরিয়ে নেওয়া হয়।

বেনজেমা এই মৌসুমের শুরুতে হাঁটুর চোটে পড়েছিলেন। পরে পায়ের পেশিতে চোট পান তিনি। ফলে বিশ্বকাপের আগে রিয়ালের সবশেষ চার ম্যাচে খেলতে পারেননি এবারের ব্যালন ডি’অর জয়ী।

আগামী মঙ্গলবার ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ফ্রান্স। এরপর ২৬ ও ৩০ নভেম্বর যথাক্রমে ডেনমার্ক ও তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।

লেকিপের খবরে আরও বলা হয়েছে, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বেনজেমা। এমনকি টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন তিনি।

বেনজেমাকে পুরো আসরের জন্য হারালে দিদিয়ে দেশমের দলের জন্য তা হবে অনেক বড় ধাক্কা। যদিও দলের আক্রমণভাগে কিলিয়ান এমবাপে, অঁতোয়ান গ্রিজমান ও অলিভিয়ে জিরুদের মতো খেলোয়াড় আছে।

এর আগে অনুশীলনে সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গার সঙ্গে সংঘর্ষে হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান লাইপজিগের স্ট্রাইকার ক্রিস্তোফা এনকুনকু।

চোটের কারণে দুই মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কঁতেকে আগেই হারায় ফ্রান্স।