অবশেষে আড়াল ভাঙলেন মেসি
এই প্রথম গণমাধ্যম কর্মীদের সামনে শুরু থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলন করলেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।
প্রথম দিন তিনি অনুশীলনই করেননি। দ্বিতীয় দিন অনুশীলন করেছেন, কিন্তু শুরু থেকে নয়, সতীর্থদের সঙ্গেও নয়, একাকী। রোববারের অনুশীলনে সাংবাদিকদের প্রবেশেরই অনুমতি ছিল না। সোমবার মেসি আড়াল ভেঙে গণমাধ্যমকর্মীদের সামনে শুরু থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলন করলেন।
কাতার বিশ্ববিদ্যালয়ে তাবু ফেলেছে আর্জেন্টিনা দল। এখানেই তাদের থাকা, খাওয়া সবকিছু। এই বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে সোমবার প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। শুরু থেকে সতীর্থদের সঙ্গে প্রস্তুতিও নিতে দেখা গেছে তাকে।
এদিন গণমাধ্যমকর্মীদের জন্য সবকিছুতে ছিল আগের চেয়ে আরও বেশি কড়াকড়ি। এর আগে পেশাদার ফটোগ্রাফার ছাড়াও বাকিদের ছবি তোলার সুযোগ ছিল, লাইভ করার সুযোগ ছিল, কিন্তু এদিন কোনো কিছু করারই অনুমিত ছিল না।
কেউ কেউ সেলফি তুলতে গিয়ে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে শাসানি পেলেন। আর্জেন্টিনা দলের সঙ্গে থাকা অফিসিয়ালরাও বারবার সবাইকে মনে করিয়ে দিতে লাগলেন, পেশাদার ফটোগ্রাফার ছাড়া বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ।
বরাবরের মতো এদিনও গণমাধ্যম কর্মীদের জন্য বরাদ্দ ছিল মাত্র ১৫ মিনিট। সময় শেষ হতেই নিরাপত্তা কর্মীরা নির্দেশনা দিল বেরিয়ে যাওয়ার। সবাই বেরিয়ে গেলেন, তবে কাতারে এসে মেসিকে প্রথমবার সামনাসামনি দেখার অভিজ্ঞতা হলো অনেকেরই।
সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার মাঠে নামবেন মেসি। সেদিন ‘সি’ গ্রুপের ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
