স্পেনের মুখোমুখি কোণঠাসা জার্মানি
এই ম্যাচ হারলে নকআউট পর্বে খেলার আশা শেষ হয়ে যেতে পারে জার্মানির।
বিশ্বকাপ শুরুর আগে ‘ই’ গ্রুপের ফেভারিট ধরা হচ্ছিল স্পেন ও জার্মানিকে। কিন্তু প্রথম ম্যাচে হেরে নকআউট পর্বের আগেই বিদায় নেওয়ার শঙ্কায় পড়ে গেছে জার্মানরা। শেষ ষোলোর সম্ভাবনা জিইয়ে রাখার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ প্রথম ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করা স্পেন।
আল বাইত স্টেডিয়ামে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে স্পেন-জার্মানি৷ দুই দলের সবশেষ ম্যাচে ২০২০ সালে উড়ে গিয়েছিল জার্মানি৷
দল দুটির আরেকটি লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান।
* এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছে স্পেন, ২০১০ আসরে। জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চার বার, সবশেষ ২০১৪ সালে।
* দুই দলের সবশেষ সাক্ষাতে ২০২০ সালে উয়েফা নেশন্স লিগের ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে হারায় স্পেন।
* এই ম্যাচে জয় পেলে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ফেলবে স্পেন। সেক্ষেত্রে জাপান যদি কোস্টা রিকার বিপক্ষে ড্রও করতে পারে, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে হান্স ফ্লিকের দল।
* ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল জার্মানি। ৮০ বছরের মধ্যে তা ছিল দেশটির বিশ্ব সেরার মঞ্চ থেকে দ্রুততম বিদায়।
* এখন পর্যন্ত ২৫ বার একে অন্যের বিপক্ষে খেলেছে দল দুটি। জার্মানির জয় ৯টি, স্পেনের ৮টি এবং ড্র হয়েছে বাকি ৮টি ম্যাচ।
