বিশ্বকাপ দিয়েই অভিষেক নোপার্টের
তিন গোলরক্ষকের মধ্যে সবচেয়ে অনভিজ্ঞ জনকে প্রথম ম্যাচের জন্য বেছে নিলেন লুই ফন খাল।
নেদারল্যান্ডসের প্রথম ম্যাচে গোলরক্ষক কে হবেন তা নিয়ে ম্যাচের আগের দিনও ছিল ধোঁয়াশা। তিন গোলরক্ষকের কেউই তেমন অভিজ্ঞ নন। এর মধ্যে একজনের হয়নি আন্তর্জাতিক অভিষেকও। তাই প্রধান কোচ লুই ফন খালের জন্য গোলরক্ষক বেছে নেওয়ার কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল।
শেষ পর্যন্ত অনভিষিক্ত আন্ড্রিস নোপার্টকেই গোলবার সামলানোর দায়িত্ব দিলেন ডাচদের প্রধান কোচ।
আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডস ও সেনেগাল। বিশ্বকাপের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হচ্ছে ডাচ ক্লাব হিরেনভিনের হয়ে খেলা নোপার্টের।
গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান ২৮ বছর বয়সী এ গোলরক্ষক। তবে বিশ্বকাপ শুরুর আগে একবারের জন্যও দেশের জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। এবার বড় মঞ্চেই প্রথমবারের মতো পেলেন আন্তর্জাতিক ফুটবলের স্বাদ।
