ডাচদের অপেক্ষায় ‘সুপারম্যান’ ভালেন্সিয়া
নিজেদের পরের ম্যাচে অধিনায়ককে পাবেন বলে নিশ্চিত একুয়েডরের কোচ গুস্তাভো আলফারো।
অল্পের জন্য হয়নি হ্যাটট্রিক। তাতে কী! বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এনের ভালেন্সিয়াই একুয়েডরের জয়ের নায়ক। সমর্থকদের কাছে তো তিনি ‘সুপারম্যান।’ চোটে পড়ায় নেদারল্যান্ডস ম্যাচে তাকে পাওয়া নিয়ে সংশয় জাগলেও দলটির অধিনায়ক আশাবাদী খেলার ব্যাপারে। তবে সেটা নিয়ে একদমই ভাবছেন না কোচ গুস্তাভো আলফারো।
আল বাইত স্টেডিয়ামে রোববার স্বাগতিক কাতারকে ২-০ তে হারায় একুয়েডর। প্রথমার্ধে ১৫ মিনিটের ব্যবধানে দুটি গোলই করেন ভালেন্সিয়া। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
বিশ্বকাপে ফেরার ম্যাচে তৃতীয় মিনিটেই একুয়েডরকে উল্লাসে ভাসান ভালেন্সিয়া। দারুণ এক হেডে বল জালে পাঠান তিনি। কিন্তু অফসাইডের কারণে সে যাত্রায় গোল মেলেনি।
গোলের জন্য বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি ভালেন্সিয়াকে। ষোড়শ মিনিটে ঠাণ্ডা মাথার স্পট-কিকে দলকে এগিয়ে নেন দলকে। তিনি নিজেই আদায় করে নিয়েছিলেন পেনাল্টি। পরে ৩১তম মিনিটে ডান দিক থেকে সতীর্থ ডিফেন্ডার আনহেলো প্রেসিয়াদোর দারুণ ক্রস দূরের পোস্টে পেয়ে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
ম্যাচের দ্বিতীয়ার্ধে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় ভালেন্সিয়াকে। তখনই তাকে পরের ম্যাচে পাওয়া নিয়ে জাগে শঙ্কা। হাঁটুতে বরফ বেঁধে ডাগআউটে বসেছিলেন তিনি। পরে অবশ্য তাকে খানিকটা সুস্থই মনে হয়। অনেকটা স্বাভাবিকভাবে হেঁটে দলের জয়োল্লাসে যোগ দেন তিনি।
আগামী শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে একুয়েডর। পুরোপুরি সেরে উঠতে মাঝে ভালোই সময় পাচ্ছেন ভালেন্সিয়া। পরের ম্যাচে খেলার ব্যাপারে সমর্থকদের শোনালেন তিনি আশার বানী।
“হাঁটু এবং গোড়ালির গাঁটে কিছুটা অস্বস্তি লাগছে। চিকিৎসকরা দেখবেন এবং মূল্যায়ন করবেন কতটা গুরুতর এটা। হল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে আশাবাদী আমি।”
কোচ আলফারো পরে সাংবাদিকদের বললেন, তিনবার ফাইনাল খেলা ডাচদের বিপক্ষে ভালেন্সিয়াকে পেতে তার মনে কোনো সন্দেহ নেই।
“নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে এনের। এটা নিয়ে কোনো সংশয় নেই।”
ফুটবল ক্যারিয়ার গড়া সহজ ছিল না ভালেন্সিয়ার জন্য। শৈশবে অনেক সময় ক্ষুধার্ত থাকতে হয়েছে তাকে। কঠিন সেই সময় পেরিয়ে এখন তিনি জাতীয় দলের সেরা খেলোয়াড়দের একজন।
আন্তর্জাতিক ফুটবলে একুয়েডরের সর্বোচ্চ গোলদাতা অনেক দিন ধরেই ভালেন্সিয়া। রেকর্ডটা আরও সমৃদ্ধ করলেন তিনি। ৭৫ ম্যাচে তার গোল হলো ৩৭টি।
বিশ্ব সেরার মঞ্চেও এককভাবে একুয়েডরের সর্বোচ্চ গোলদাতাও এখন ভালেন্সিয়া, ৫টি। এতদিন তিনটি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন আগুস্তিন দেলগাদোর সঙ্গে।
বিশ্বকাপে গোল করা তো রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন ভালেন্সিয়া। দুই আসর মিলিয়ে দলের সবশেষ পাঁচ গোলই তার! ২০১৪ ব্রাজিল আসরে করেছিলেন তিনটি।
গত পাঁচ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করা চতুর্থ খেলোয়াড় ভালেন্সিয়া। ২০০৬ সালে জার্মানির মিরোস্লাভ ক্লোজা, ২০১৪ সালে ব্রাজিলের নেইমার ও ২০১৮ সালে রাশিয়ার দেনিস চেরিশেভ আসরের প্রথম ম্যাচে দুই গোল করেন।
