২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে মরক্কো-কানাডা লড়াই

বিশ্বকাপে এখনও জয়ের দেখা পায়নি কানাডা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2022, 07:14 PM

Updated : 29 Nov 2022, 07:14 PM

আগের ম্যাচে মিলেছে বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের দেখা। এবার কি প্রথম জয়ের স্বাদ পাবে কানাডা? প্রথম দুই ম্যাচ হেরে কোনঠাসা দলটির সামনে এবার মরক্কো চ্যালেঞ্জ। যে দলটি তাদের সবশেষ ম্যাচে ২-০ গোলে হারিয়ে দিয়েছে টুর্নামেন্টের ফেভারিট দলগুলোর একটি বেলজিয়ামকে।

দোহার আল থুমামা স্টেডিয়ামে 'এফ' গ্রুপের ম্যাচে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে কানাডা ও মরক্কো। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বিশ্বকাপে এর আগে কখনও মুখোমুখি হয়নি দল দুটি।

এবারের ম্যাচটির আগে দেখে নেওয়া যাক তাদের আরও কিছু পরিসংখ্যান।

* চলতি আসরের আগে বিশ্বকাপে গোলের দেখা পায়নি কানাডা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের ম্যাচে বিশ্ব সেরার মঞ্চে দেশটির হয়ে প্রথম গোল করেন আলফুঁস ডেভিস।

* ৩৬ বছর পর এবার বিশ্বকাপে ফেরা কানাডা এখনও বৈশ্বিক আসরে জিততে পারেনি কোনো ম্যাচ। মরক্কোর বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা।

* কনকাকাফ অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকেট পায় কানাডা। বাছাই পর্বে অন্য দলগুলোর চেয়ে তারা গোল করেছিল বেশি এবং হজম করেছিল সবচেয়ে কম।

* আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল মরক্কো, ১৯৮৬ আসরে।

* ১৯৯৮ সালে স্কটল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপে মরক্কোর প্রথম জয় এসেছে এবারের আসরে, বেলজিয়ামের বিপক্ষে।

* এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে কানাডা ও মরক্কো, সবগুলোই প্রীতি ম্যাচে। দুটি ম্যাচ জিতেছে মরক্কো, অন্যটি ড্র।