২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফ্রান্সকে হারাও, ক্লিন শিটও এনে দাও’, চাওয়া শোয়ারজারের

সাবেক অস্ট্রেলিয়া গোলরক্ষক মার্ক শোয়ারজারের বিশ্বাস, এবার অনেক দূর যাবে তার উত্তরসূরিরা।

‘ফ্রান্সকে হারাও, ক্লিন শিটও এনে দাও’, চাওয়া শোয়ারজারের

ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 09:44 PM

Updated : 08 Nov 2022, 10:01 PM

কাতার বিশ্বকাপের দল এরই মধ্যে দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির সাবেক গোলরক্ষক মার্ক শোয়ারজারও উত্তরসুরিদেরকে জানিয়ে দিয়েছেন দুটি চাওয়া। প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয় এবং অন্তত একটি ম্যাচে জাল অক্ষত দেখতে চান তিনি। 

গত জুনে প্লে-অফে পেরুকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের টিকেট পাওয়া অস্ট্রেলিয়া আছে 'ডি' গ্রুপে। ২৩ নভেম্বর তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ফ্রান্স। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া। 

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেরা সাফল্য ২০০৬ আসরে, সেবার শেষ ষোলোয় খেলেছিল তারা। ওই আসরেই বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই দলের সদস্য ছিলেন শোয়ারজার। 

দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (১০৯টি) খেলার রেকর্ড ৫০ বছর বয়সী শোয়ারজারের। সম্প্রতি ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরসূরিদের নিয়ে উচ্চাশা প্রকাশ করেন তিনি।

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল সবশেষ ২০১০ আসরে। শোয়ারজারের বিশ্বাস, দিদিয়ে দেশমের দলকেও চমকে দেওয়ার সামর্থ্য আছে তাদের। 

Image

অস্ট্রেলিয়ার সাবেক গোলরক্ষক মার্ক শোয়ারজার।

“আমাদের চূড়ান্ত লক্ষ্য হবে অবশ্যই গ্রুপ পর্ব উতরানো। তিউনিসিয়া এবং ফ্রান্স ও ডেনমার্কের মতো দুটি শক্তিশালী ইউরোপীয় দলের সঙ্গে আমরা একটি কঠিন গ্রুপে পড়েছি। তবে, আমি সত্যিই আশা করছি যে, ২০১০ আসরের পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এবার আমরা জিততে পারি।” 

“একটি ম্যাচে ক্লিন শিটও দেখতে চাইব আমি, যা আমরা আগে কখনো বিশ্বকাপে করতে পারিনি। আমরা যদি সেই কাজগুলো করতে পারি, তাহলে আমাদের নকআউট পর্বে ওঠার অর্ধেক সুযোগ আছে।” 

 শোয়ারজারের বিশ্বাস, দেশে ও কাতারে ভক্তদের অকুন্ঠ সমর্থন বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।

“(বিশ্বকাপের সময়) পুরো দেশ সবসময় একত্রিত হয়। ২০০৬ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা একটি অবিশ্বাস্য অর্জন।” 

“যখন বিশ্বকাপ চলে, লোকেরা শুধু অস্ট্রেলিয়ার খেলা দেখার জন্য তাদের দৈনন্দিন রুটিন পরিবর্তন করে ফেলে। দেশে ছেলেদের জন্য প্রচুর সমর্থন থাকবে এবং আমি নিশ্চিত যে কাতারেও অসিদের (অস্ট্রেলিয়া) জন্য ভালো সমর্থন থাকবে।”