কোচের মেয়ের সঙ্গে প্রেম, তরেস বললেন ‘চাপ নেই’
বিষয়টি বিশ্বকাপে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস স্পেনের তরুণ ফরোয়ার্ডের।
স্পেন দলে ফেররান তরেস ও লুইস এনরিকের সম্পর্ক খেলোয়াড় আর কোচের। তবে মাঠের বাইরে আরেকটি পরিচয় আছে তাদের। এনরিকের মেয়ে যে তরেসের প্রেমিকা। বিষয়টি বিশ্বকাপে এই তরুণের ওপর তৈরি করতে পারে বাড়তি চাপ। তবে বার্সেলোনা ফরোয়ার্ড বললেন, নির্ভার আছেন তিনি।
সাবেক বার্সেলোনা কোচ এনরিকের মেয়ে সিরা মার্তিনেস একজন স্প্যানিশ শো-জাম্পার। তার বয়সও তরেসের মতো ২২। দুজনের প্রেমের সম্পর্ক জনসম্মুখে আসে চলতি বছর।
এই সম্পর্কের কারণে বিশ্বকাপে চাপ অনুভব করছেন কি-না, এমন প্রশ্নে রোববার তরেস বলেন, ‘মোটেই না’
“সম্পর্কটা কখন পারিবারিক আর কখন আমরা কোচ ও খেলোয়াড়, এই দুটির মধ্যে পার্থক্য কীভাবে করতে হয়, সেটা আমি আর কোচ জানি। আমি মনে করি, বিষয়টি আমাদের স্বাভাবিকভাবে নিয়েই চলতে হবে। এই দৃষ্টিভঙ্গিতে আমরা ঠিকঠাকই আছি।”
দলের কোন খেলোয়াড় মাঠে তার প্রতিনিধি হিসেবে কাজ করবে- এমন এক প্রশ্নে শনিবার বেশ মজা করে উত্তর দেন এনরিকে।
"খুব সহজ- মিস্টার ফেররান তরেস। অন্যথায় আমার মেয়ে আমার ওপর রেগে যাবে এবং আমার মাথা কেটে ফেলবে।”
আগামী বুধবার কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। এই গ্রুপের অন্য দুই দল ২০১৪ সালের চ্যাম্পিয়ন জার্মানি ও জাপান। প্রথম ম্যাচে তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন তরেস।
তরেস ছাড়াও এনরিকের দলে আছে একঝাঁক তরুণ খেলোয়াড়। ২০১০ সালের চ্যাম্পিয়নদের এবার ফেভারিটের তালিকায় সেভাবে রাখছে না কেউ। তরেসও স্বীকার করছেন, অন্য অনেক দলের চেয়ে পিছিয়ে আছেন তারা। তবে নিজেদের সেরাটা দিতে উন্মুখ তিনি।
“আমরা খুব তরুণ একটি দল, যেখানে আমাদের চেয়ে এগিয়ে আছে অনেক দল। তরুণরা, আমরা খুব ক্ষুধার্ত, খুব উচ্চাকাঙ্খী এবং আমাদের সেরাটা দেখাতে উদগ্রীব।”
