২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত গোলে পেলের পাশে নেইমার

ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডে পেলেকে স্পর্শ করলেন নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2022, 11:23 PM

Updated : 09 Dec 2022, 11:41 PM

ক্রোয়েশিয়ার জমাট রক্ষণে একের এক আছড়ে পড়ছিল সব প্রচেষ্টা। অবশেষে অতিরিক্ত সময়ে গিয়ে ডেডলক ভাঙলেন নেইমার। দলকে এগিয়ে নেওয়া গোলে বসলেন কিংবদন্তির পাশে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকার শীর্ষে এখন দুটি নাম- পেলে ও নেইমার।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে রেকর্ড ছোঁয়া গোলটি করেন নেইমার।

আন্তর্জাতিক ফুটবলে পেলে ও নেইমারের গোল এখন সমান ৭৭টি।

১০৫তম মিনিটে একজনের চ্যালেঞ্জ এড়িয়ে পাকেতার বাড়ানো বল নিয়ন্ত্রণে নেন নেইমার। ছুটে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন গোলরক্ষক। তাকেও কাটিয়ে কাছ থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন পিএসজি ফরোয়ার্ড।

১৯৭১ সালে অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নিজের শেষ গোলটি করেছিলেন পেলে। ৫১ বছর পর তাকে ছুঁলেন নেইমার।

পেলে ৭৭ গোল করেছিলেন ৯২ ম্যাচে। নেইমারের লাগল ১২৪ ম্যাচ।  

অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। বর্তমানে সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। হাসপাতালে থেকেই উত্তরসূরিদের সবসময় অনুপ্রেরণাদায়ী বার্তা দিচ্ছেন তিনি।