২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোপার ফাইনালে ব্রাজিলকে হারিয়েই বিশ্বকাপ জয়ের বিশ্বাস পায় আর্জেন্টিনা

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, কোপা আমেরিকা শিরোপা জয়ের পরই মেসির সঙ্গে তার আলোচনা হয়েছিল বিশ্বকাপ নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2022, 10:40 AM

Updated : 19 Dec 2022, 10:40 AM

৩৬ বছরের অপেক্ষা ঘুচেছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে। তবে গত বছরই আরেকটি দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে আর্জেন্টিনার। ২৮ বছর ধরে বড় কোনো শিরোপার স্বাদই পাচ্ছিল না তারা। গত বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শেষ হয় সেই প্রতীক্ষা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, তাদের বিশ্বকাপ জয়ের ভিত রচনা হয় কোপা জয় দিয়েই।

বিশ্ব ফুটবলের শীর্ষ শক্তি হয়েও বছরের পর বছর ধরে শিরোপা খরা চলছিল আর্জেন্টিনার। ১৯৯৩ সালে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোনো বড় ট্রফির ছোঁয়া তারা পাচ্ছিল না। অবশেষে গত বছর ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে সেই দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পায় স্কালোনি ও লিওনেল মেসির আর্জেন্টিনা।

সেই সাফল্যের দেড় বছর পর স্কালোনি-মেসির যুগলবন্দিতেই ধরা দিল আরও বড় সাফল্য। তিন বছরের বেশি সময় ধরে চলা তাদের অপরাজেয় পথচলা যদিও থেমে যায় প্রথম ম্যাচেই। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তারা জিতে নেয় ট্রফি।

ম্যাচের পর স্কালোনি বললেন, কোপা আমেরিকায় শিরোপা জয়ের পথ ধরেই এসেছে এই বিশ্বকাপের শিরোপা।

“ব্রাজিলকে হারানোর পর তার (মেসির) সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছিল। আমি তাকে বলেছিলাম, ‘আমাদের সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষায়, লোকে আমাদের ওপর বিশ্বাস রাখতে শুরু করেছে (বিশ্বকাপে ভালো করার)।’ প্রত্যাশার চাপ বাড়ছিল, আমরা অনুভব করছিলাম।”

“সে আমাকে বলেছিল, ‘আমাদের এগিয়ে যেতেই হবে, অন্য কোনো কিছুর পরোয়া নেই।’ তার সেই কথা আমাকে প্রচণ্ড আত্মবিশ্বাস জুগিয়েছিল। আমি অনুভব করেছিলাম, অনেক বড় কিছুর দুয়ারে দাঁড়িয়ে আমরা।”

স্কালোনির সেই অনুভূতিই এখন রূপকতঅর বাস্তবতা। আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা এখন বিশ্ব চ্যাম্পিয়ন।