২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজেমা-এমবাপেকে থামাতে প্রস্তুত রোলেস

নিজেকে পুরোপুরি ফিট মনে করছেন অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2022, 03:07 PM

Updated : 18 Nov 2022, 03:07 PM

পায়ের চোটে লম্বা সময় বাইরে ছিলেন কাই রোলেস। চলতি মাসেই ফিরেছেন তিনি মাঠে। বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার। বলেছেন, করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপেকে থামাতে পুরো প্রস্তুত তিনি। 

গত অগাস্টে স্কটিশ প্রিমিয়ার লিগে হার্ট অব মিডলোথিয়ানের হয়ে খেলার সময় পায়ের হাড় ভেঙে যায় রোলেসের। দীর্ঘ সময় পর নভেম্বরের শুরুতে মাঠে ফেরেন তিনি। 

আগামী মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সম্মুখীন হয়ে রোলেস দাবি করলেন, দারুণ ছন্দে থাকা দুই ফরোয়ার্ড বেনজেমা ও এমবাপেকে দমিয়ে রাখতে ফিট তিনি। 

“অবশ্যই, আমার জন্য প্রস্তুতির সময়টা নিখুঁত ছিল না। … আমি কেবল দলের জন্য নিজের কাজ করার দিকে মনোযোগ দিচ্ছি।” 

“আর মাঠে নেমে যখন বেনজেমা ও এমবাপেকে আশেপাশে দেখব, তখন (শারীরিকভাবে) কেমন অনুভব করছি সেটা নিয়ে চিন্তা করার কোনো সময় থাকবে না। স্রেফ নিজের কাজটি করতে হবে এবং তাদেরকে যতটা সম্ভব ঠেকিয়ে রাখা নিশ্চিত করতে হবে। বলতে চাচ্ছি, আমি নিজেকে খুব শক্তিশালী মনে করছি, যথেষ্ট ফিট অনুভব করছি।” 

একটা সময় বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই শঙ্কায় ছিলেন রোলেস। ভেবেছিলেন, দল ঘোষণার আগে যথেষ্ট উন্নতি করতে পারবেন না তিনি। 

তবে কোচ গ্রাহাম আর্নল্ডের দলে শেষ পর্যন্ত জায়গা হয়েছে তার। ২৪ বছর বয়সী এই খেলোয়াড় বললেন, নিজের প্রথম বিশ্বকাপ খেলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। 

“হ্যাঁ, পুরো সময়টা ওইরকমই ছিল। আমাকে অনেক দ্রুত ফিরে আসতেই হতো। সীমার বেশি জোর করলে সব সময়ই ঝুঁকি থাকেই। আমার হাতে আসলেই সময় ছিল না। এমন কি তিন-চার দিন পিছিয়ে যাওয়ার ধাক্কাও সামলানোর সময় ছিল না।” 

“আমাকে খেলার উপযোগী করার পেছনে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা। এখন আমি ফিট এবং প্রস্তুত। প্রতিদিনই ফিট হচ্ছি, আরও শক্তিশালী হচ্ছি এবং তীক্ষ্ণও হচ্ছি। আগামী মঙ্গলবারের জন্য আমি প্রস্তুত থাকব।” 

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের বাকি দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া।