‘বিশ্বকাপ জিততে কাতারে যাবে নেদারল্যান্ডস’
এবার আর খালি হাতে ফেরা নয়, প্রত্যয়ী কণ্ঠে বললেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান আকে।
এই সপ্তাহান্তে বাবা হতে যাচ্ছেন। আর পরের সপ্তাহে শুরু কাতার বিশ্বকাপ। বাবা হওয়ার আনন্দ, বিশ্বকাপ খেলার শিহরণ সবই অনুভব করছেন নাথান আকে। অনাগত সন্তান, সাফল্য খরার ভোগা নেদারল্যান্ডসের মুখে হাসি ফোটাতে চান এই ডিফেন্ডার। প্রত্যয়ী কন্ঠে জানালেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই কাতারে নোঙর ফেলবেন তারা।
তৃতীয় দফা নেদারল্যান্ডসের হাল ধরা কোচ লুই ফন খালের পরিকল্পনায় আকে আছেন ভালোভাবে। ডাচদের গত আট ম্যাচের পাঁচটিতে এই ডিফেন্ডার খেলেছেন শুরুর একাদশে। কাতারেও ভার্জিল ফন ডাইক ও আয়াক্স আমস্টার্ডামের তরুণ ইউরিয়েন টিম্বারের সঙ্গে রক্ষণ সামলানের দায়িত্ব থাকবে তার কাঁধে।
প্রস্তুত আকেও। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ট্রফি জয়ের আত্মবিশ্বাস তার সঙ্গী। সিনিয়র টিমে জায়গা পাওয়ার আগে নেদারল্যান্ডসের প্রতিটি বয়সভিত্তিক দলে খেলার সিঁড়ি পেরুনোর অভিজ্ঞতাও আছে। দুই বার অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের তৃপ্তিও আছে আকের।
সময়টা ভালো যাচ্ছে নেদারল্যান্ডসেরও। টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার বাড়ন্ত আত্মবিশ্বাস নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করবে দলটি। ২০১৭ সালে জাতীয় দলে অভিষেক হওয়া আকেও আশাবাদী।
“প্রত্যাশা কী, সেটা নিয়ে আমি নিশ্চিত নই। কিন্তু লক্ষ্য আছে। আমরা সেখানে শুধু খেলতে যাব না। আমরা লড়াই করতে এবং জিততে যাব। যদি প্রথম ম্যাচ জিততে পারি, এরপর সামনে তাকাব, পর্যালোচনা করব আগের ম্যাচে কেমন খেললাম এবং কোন জায়গায় উন্নতি করতে পারি।”
“সব খেলোয়াড় তাদের ভূমিকা জানে এবং দলে অনেক স্বচ্ছতা ও ভারসাম্য এনেছে তারা। এখান থেকে আমরা বেড়ে উঠতে পারি। আমরা খুবই তরুণ একটা দল, তবে সবাই একসঙ্গে বেশ খানিকটা সময় খেলেছে এবং পরস্পরকে ভালোভাবে জানে। এটাও আমাদেরকে খুব সাহায্য করবে।”
বয়সভিত্তিক পর্যায়ের নানা ধাপ, চড়াই-উৎরাই পেরিয়ে আসা দিনগুলোর স্মৃতিও রোমন্থন করলেন আঁকে। জানালেন দুঃসময়ে পাশে থাকাদের কিছু ফিরিয়ে দেওয়ার আশাবাদও।
“জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৩ দল থেকে খেলছি, এরপর নেদারল্যান্ডসের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৫ দল থেকে খেলছি, চূড়ান্ত লক্ষ্য ছিল জাতীয় দলে খেলা। বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলাটা চমৎকার হবে। এ পর্যন্ত যাত্রাটা দীর্ঘ, কখনই পথটা মসৃণ ছিল না, ছিল অনেক উত্থান-পতন।”
“বাবা-মা, ভাই, আমার স্ত্রী এবং অনেক মানুষ এই পুরো পথচলায় সাহায্য করেছে। আশা করি, মা ও ভাইয়ের সঙ্গে এই বিশ্বকাপে অনেক ভালো মুহূর্ত উপভোগ করতে পারব। এ সপ্তাহান্তে আমার স্ত্রী সন্তান প্রসব করবে, তাই সে কাতারে যেতে পারবে না। বাচ্চার জন্মের পরপরই প্রায় আমাকে যেতে হবে, ওকে (স্ত্রী) এখানে থাকতে হবে। সাধারণত ও আমার খেলা দেখতে সব জায়গায় সফর সঙ্গী হয়। এবার ওর না থাকাটা অদ্ভূত এবং কঠিন হবে আমার জন্য। কিন্তু এগুলোর সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।”
২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে স্বাগতিক কাতারের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে নেদারল্যান্ডস। গ্রুপের বাকি দুই দল সেনেগাল ও একুয়েডর।
২১ নভেম্বর সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেদারল্যান্ডস।
