২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকআউট পর্বে মিলবে গোল, আশাবাদী কেইন

আসরে এখনও গোলের দেখা না পেলেও তা নিয়ে উদ্বিগ্ন নন ইংলিশ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 04:18 PM

Updated : 04 Dec 2022, 04:18 PM

রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী হ্যারি কেইন এবার গ্রুপ পর্বে একবারও জালের দেখা পাননি। ইংল্যান্ড শেষ ষোলোয় জায়গা করে নিলেও তাই অধিনায়কের ফর্ম দলটির জন্য চিন্তার কারণ হতে পারে। তিনি নিজে অবশ্য বিষয়টি নিয়ে খুব একটা ভাবছেন না। তার বিশ্বাস, শুরুতে গোল না পেলেও আসর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে ফিরে পাবেন তিনি। 

২০১৮ আসরে ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন কেইন। এর মধ্যে পাঁচটি গোলই এসেছিল গ্রুপ পর্বে। নকআউট পর্ব এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেইনকে যদিও আর আগের রুপে দেখা যায়নি। তার খেলায় পড়ে ক্লান্তির ছাপ। সেমি-ফাইনালে শেষ হয় তার দলের পথচলা। 

গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আবার নকআউট পর্বে দুর্দান্ত কেইনকে দেখা যায়। গ্রুপ পর্বের পর জ্বলে ওঠেন কেইন; শেষ ষোলো থেকে সেমি-ফাইনাল পর্যন্ত জালের দেখা পান চারবার। তবে ফাইনালে আর গোল পাননি কেইন, ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ইংল্যান্ড।

বিশ্বকাপেও একইভাবে গ্রুপ পর্বে ম্রিয়মাণ হলেও নকআউট পর্বে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী কেইন। কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে রোববার সেনেগালের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।

আগের দিন সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার বলেন, এখনও গোলের দেখা না পেলেও নকআউট পর্বের আগে সবদিক থেকে তিনি ইতিবাচক আছেন।

“২০১৮ বিশ্বকাপে শারীরিক ও সম্ভবত মানসিক দিক থেকে আমরা টুর্নামেন্টটি দুর্দান্তভাবে শুরু করেছিলাম, শুরুর পর্বেই আমি অনেক গোল করেছিলাম এবং তখনই প্রচুর শক্তি ক্ষয় হয়েছিল।”

“টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল যে, আমার পারফরম্যান্স হয়তো পড়ে যাচ্ছে। ইউরোয় বিষয়টা যেন ভিন্নভাবে হয়, আমি সেই চেষ্টায় সতর্ক ছিলাম। আমি নিশ্চিত করার চেষ্টা করেছিলাম যেন শারীরিক ও মানসিকভাবে নকআউট পর্বে সেরা অবস্থায় থাকতে পারি। এই টুর্নামেন্টেও আমি অনেকটা তাই করছি। আমরা এখন নকআউট পর্বে এবং আমি সত্যিই ভালো অনুভব করছি। আমি ফিট ও শাণিত বোধ করছি।”