২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে একুয়েডর-সেনেগালের প্রথম দেখা

বিশ্বকাপে একুয়েডরের সেরা সাফল্য ২০০৬ সালে শেষ ষোলোয় খেলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2022, 09:04 PM

Updated : 27 Nov 2022, 09:04 PM

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করা একুয়েডর দ্বিতীয় ম্যাচে হেরে যায় নেদারল্যান্ডসের কাছে। শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার ম্যাচে তাদের সামনে সেনেগাল। বিশ্ব সেরার মঞ্চে এবারই প্রথম একে অন্যের বিপক্ষে খেলবে এই দুই দল।

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে একুয়েডর-সেনেগাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এই দুই দলের আরও কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

* শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করতে এই ম্যাচে জিততে হবে সেনেগালকে। ড্র করলেও তাদের হয়তো সম্ভাবনা থাকবে, যদি অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে দুই বা তার বেশি গোলে হারায় কাতার। সেনেগালের সঙ্গে ড্র করলেই নকআউট পর্বের টিকেট পাবে একুয়েডর। হেরে গেলেও সম্ভাবনা থাকবে দলটির, সেক্ষেত্রে নেদারল্যান্ডকে বড় ব্যবধানে হারতে হবে স্বাগতিক কাতারের কাছে।

* বিশ্বকাপে একুয়েডরের সবশেষ ছয়টি গোলের সবগুলোই ফরোয়ার্ড এনের ভালেন্সিয়ার (২০১৪ ও চলতি আসর মিলিয়ে)। কাতার বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে তিন বার জালের দেখা পেয়েছেন তিনি। বিশ্ব সেরার মঞ্চে দেশটির হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক ৩৩ বছর বয়সী ভালেন্সিয়া।

* বিশ্বকাপে এখন পর্যন্ত একুয়েডরের সেরা সাফল্য ২০০৬ সালে শেষ ষোলোয় খেলা।

* ২০০২ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে খেলেছিল সেনেগাল। বিশ্ব সেরার মঞ্চে আফিকার দলটি আবার ফেরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। সেবার জাপানের সঙ্গে তাদের পয়েন্ট ও গোল ব্যবধান সমান হলে ফেয়ার-প্লে রেকর্ডে পেছনে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় সেনেগালকে।

* বিশ্বকাপে সেনেগাল দুই বার দক্ষিণ আমেরিকার অঞ্চলের দেশের মুখোমুখি হয়েছে। ২০০২ বিশ্বকাপে প্রথম সাক্ষাতে উরুগুয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা। এরপর ২০১৮ আসরে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় সেনেগাল। বৈশ্বিক আসরে এর আগে কখনও আফ্রিকান দলের বিপক্ষে খেলেনি একুয়েডর।

* এখন পর্যন্ত এক বারই মুখোমুখি হয়েছিল একুয়েডর ও সেনেগাল। ২০০২ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে খেলেছিল দল দুটি। ওই ম্যাচে ১-০ গোলে জিতেছিল সেনেগাল।