ক্লপের জার্মানির প্রথম জয়
নতুন কোচের হাত ধরে তৃতীয় ম্যাচে অবশেষে জয়ের দেখা পেল জার্মানরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণের তোড়ে সার্বিয়াকে যেন ভাসিয়ে দিতে চাইল জার্মানি। জালের দেখা পেতে অনেকটা সময় লাগলেও, শেষ পর্যন্ত পরিষ্কার ব্যবধানেই জিতল ইয়ুর্গেন ক্লপের দল।
বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বৃহস্পতিবার রাতে উয়েফা নেশন্স লিগে ২-০ গোলে জিতেছে জার্মানরা।
প্রথমার্ধে টম বিশফ দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ফ্লোহিয়ান ভিয়েৎস।
নতুন কোচ ক্লপের হাত ধরে তিন ম্যাচে প্রথম জয় পেল জার্মানি। এবারের বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে দলটির বিদায়ের পর দায়িত্ব নেন এই জার্মান কোচ। তার প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ ড্রয়ের পর, গ্রিসের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় চারবারের বিশ্বকাপ জয়ীরা।
অন্যদিকে, জার্মানির বিপক্ষে স্মরণীয় জয়ের পর এবার নেদারল্যান্ডসের বিপক্ষে দুই গোলে এগিয়ে দারুণ এক জয়ের সম্ভাবনা জগিয়েও শেষ পর্যন্ত পারেনি গ্রিস। তাদের মাঠে ম্যাচটি ২-২ ড্র হয়েছে।
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় গ্রিস। ৫৯তম মিনিটে ব্যবধান কমান ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। আর ৮৯তম মিনিটে হার এড়ানো গোলটি করেন টিয়ানি রেইন্ডার্স।
প্রথমবার প্রতিযোগিতাটির ‘এ’ লিগে, অর্থাৎ শিরোপা লড়াইয়ের ধাপে উঠে আসা গ্রিস তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বর গ্রুপের শীর্ষে আছে। ৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস দুইয়ে, ৪ পয়েন্ট নিয়ে জার্মানি তিনে আছে। তিন ম্যাচেই হেরেছে সার্বিয়া।
ঘরের মাঠে সার্বিয়ার বিপক্ষে প্রায় ৭৪ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য জার্মানি শট নেয় মোট ৩২টি, যার আটটি ছিল লক্ষ্যে। সার্বিয়া শট নিতে পারে স্রেফ একটি।
এবারের আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগে চারটি ম্যাচের জন্য মোট ৪৪ জনের দুটি আলাদা স্কোয়াড ঘোষণা করেন জার্মানি কোচ ক্লপ। প্রথম দুই ম্যাচে খেলা দলের চেয়ে এবারের দলটা অনেকটাই অনভিজ্ঞ।
আক্রমণে দাপট দেখালেও প্রথম দিকে সার্বিয়ার জমাট রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারছিল না জার্মানি।
২৪তম মিনিটে বিশফের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩০তম মিনিটে জার্মানি প্রথম কোনো শট লক্ষ্যে রাখতে পারে এবং অবিশ্বাস্যভাবে গোল করতে পারেননি সের্গে জিনাব্রি।
নক ভল্টেমাডার পাস বক্সে ফাঁকায় পান তিনি। সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। এগিয়ে এসে দারুণভাবে পা দিয়ে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের শট আটকে দেন পেত্রোভিচ।
৩৫তম মিনিটে আরেকটি সেভ করেন পেত্রোভিচ। বক্সে অরক্ষিত ভিয়েৎসের হেড আটকে দেন সফরকারী গোলরক্ষক।
অবশেষে ৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জার্মানরা। ভিয়েৎসের শট পোস্টে লেগে ফেরার পর, জোরাল শটে বল জালে পাঠান বিশফ।
জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সি এই মিডফিল্ডারের প্রথম গোল এটি।
দ্বিতীয়ার্ধেও টানা আক্রমণ করে যায় স্বাগতিকরা। ৬১তম মিনিটে ব্যবধান বাড়ান ভিয়েৎস। সতীর্থের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন লিভারপুল তারকা।
৭৮তম মিনিটে গোলের জন্য একমাত্র শটটি নিতে পারে সার্বিয়া এবং ফিলিপ কস্তিচের ওই প্রচেষ্টা রুখে দেন ইয়োনাস উরবিগ।
