২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক ভোগান্তির পর পাওয়া জয়ে উচ্ছ্বসিত মেসি

২-০ গোলে এগিয়ে থাকা ম্যাচ টাইব্রেকারে গড়ালেও শেষ পর্যন্ত জয়ের আনন্দটুকুই গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার মহাতারকার কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 09:54 AM

Updated : 10 Dec 2022, 04:33 PM

টাইব্রেকারে লাউতারো মার্তিনেসের শট জালে জড়াতেই সতীর্থরা সব ছুটে যান তার দিকে। তবে লিওনেল মেসি আগে দৌড়ে যান টাইব্রেকারে দুই শট ঠেকানোর নায়ক গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের দিকে। পরে আর্জেন্টিনা অধিনায়কও যোগ দেন অন্যদের সঙ্গে। এমনিতে উদযাপনে বেশির ভাগসময় বাঁধনহারা কিংবা খ্যাপাটে দেখা যায় না তাকে। তবে এই ম্যাচ শেষে মেসির উদযাযন যেন শেষই হচ্ছিল না। শঙ্কা-সম্ভাবনার অনেক ঢেউয়ে ভেসে তবেই যে ধরা দেয় এই জয়! 

৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা ম্যাচে জয়টাই থাকে প্রত্যাশিত। কিন্তু নির্ধারিত সময়ে সেই কাজটুকু শেষ করতে পারেনি আর্জেন্টিনা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় নেদারল্যান্ডস। পরে গোলশূন্য অতিরিক্তি সময়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

সেখানে ডাচদের প্রথম দুটি শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনা গোলকিপার মার্তিনেস। আর্জেন্টিনা প্রথম তিন শটে গোল করলেও চতুর্ধ শটে বল জালে জড়াতে ব্যর্থ হন এনসো ফের্নান্দেস। আবার নেমে আসে শঙ্কার ছায়া। তবে শেষ শটে লাউতারো মার্তিনেস গোল করে নিশ্চিত করে দেন দলের সেমি-ফাইনালে ওঠা। 

টাইব্রেকারে নিজের শটে গোল করলেও পরে প্রবল চাপে পড়ে গিয়েছিলেন, ম্যাচ শেষে অকপটেই বললেন মেসি। 

“লাউতারো (মার্তিনেস) যখন গোল করল এবং আমরা জিতে গেলাম, সেই আনন্দের সীমা ছিল না। অনেক বড় ভার নেমে গেল যেন।” 

মুঠোয় থাকা ম্যাচ শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে কিংবা টাইব্রেকারের ঝুঁকিতে পৌঁছে যাওয়া কিছুটা উৎকণ্ঠা পেয়ে বসেছিল মেসিকে। তবে ম্যাচ শেষে তিনি তুলে ধরলেন দলের ধারাবাহিক ছুটে চলার কথা। 

“আর্জেন্টিনা বিশ্বের সেরা চার দলের একটি কারণ তারা দেখিয়েছে, কীভাবে প্রতিটি ম্যাচ একইরকম তাড়না ও একাগ্রতা নিয়ে খেলতে হয়। আমরা খুবই খুশি, দারুণ আনন্দিত। অতিরিক্ত সময়ে বা পেনাল্টিতে যাওয়ার ইচ্ছে আমাদের ছিল না। অনেক ভুগতে হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা উতরে গেছি এবং সেটিই দারুণ।” 

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে কোয়ার্টার-ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। লুই ফন খালের কোচিংয়ে গত বছর থেকেই দারুণ ফুটবল খেলছিল ডাচরা। তাদের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না, জানতেন মেসিরা। শেষ পর্যন্ত কঠিন এই প্রতিবন্ধকতা পেরোতে পারার স্বস্তি আর্জেন্টাইন অধিনায়কের কণ্ঠে। 

“ম্যাচটি খুব কঠিন ছিল। শুরু থেকেই কঠিন ম্যাচ ছিল। আমরা অবশ্য জানতাম যে কঠিন হবে। লম্বা পাস খেলে ডাচরা আমাদের বিপাকে ফেলে দিয়েছিল। পরে তারা সমতা ফেরায় এবং আমাদের ভুগতে হয় অনেক। তবে সব পেরিয়ে আমরা সেমি-ফাইনালে উঠতে পেরেছি, এটিই ছিল আমাদের চাওয়া।”