নেইমারের ওপর চাপ কমাতে চান ভিনিসিউস
এবার বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনাও দেখছেন ব্রাজিলের তরুণ এই ফরোয়ার্ড।
লম্বা সময় ধরে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। গত দুটি বিশ্বকাপেই তার কাঁধে ছিল গুরুদায়িত্ব। কাতার আসরেও দলের সবচেয়ে বড় তারকা তিনি। তার ওপর সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকে নেইমার অনেক চাপ নিয়ে খেলছেন বলেই নতুন প্রজন্মের কাজ সহজ হয়েছে বলে মনে করেন ভিনিসিউস জুনিয়র। এবার তাই সতীর্থের ওপর চাপ কমাতে চান তিনি।
২০১০ সালে দেশের হয়ে অভিষেকের পর থেকে ক্রমেই ব্রাজিলের মূল তারকা হয়ে ওঠেন নেইমার। সময়ের পরিক্রমায় তিনি এখন সময়ের সেরা ফুটবলারদের একজন।
১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত নেইমার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত গোল করেছেন ৭৫টি। আর তিনটি গোল করলেই ভেঙে দেবেন কিংবদন্তি পেলের ৭৭ গোলের রেকর্ড। কিন্তু বড় টুর্নামেন্টে বারবার একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাকে। বিশ্বকাপ বা কোপা আমেরিকা, এখনও দেশের হয়ে বড় কোনো আসরে শিরোপার স্বাদ পাওয়া হয়নি তার।
কদিন আগে তিনি ইঙ্গিত দিয়েছেন, কাতার আসর হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
কাতারে যাওয়ার আগে ইতালির তুরিনে ক্যাম্প করেছে ব্রাজিল। সেখানে বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিউস বলেন, এখন তরুণদের সময় হয়েছে নেইমারের ওপর চাপ কমানোর। তারা একে অন্যকে সাহায্য করতে পারলে ২০০২ সালের পর এবার তাদের বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা থাকবে বলে মনে করেন তিনি।
“তরুণ খেলোয়াড় হিসেবে নেইমারকে খুব অল্প বয়সে এবং অনেক চাপের মধ্যে খেলতে হয়েছে। তিনিই নতুন প্রজন্মের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন।”
“আমরা তাকে আদর্শ মেনে বড় হয়েছি। একজন নেতা হিসেবে তিনি যা করেন, তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি জানেন, যদি তিনি আমাদের সাহায্য করতে পারেন এবং আমরাও তাকে অনেক সাহায্য করতে পারি, তাহলে দারুণ একটি বিশ্বকাপ হতে পারে। আর এটা আমাদের জন্য ভালো, ব্রাজিলের জনগণের জন্য ভালো, যারা চায় আমরা বিশ্বকাপ জিতি।”
করিম বেনজেমার সঙ্গে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের বড় অস্ত্র এখন ভিনিসিউস। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত মাসে ব্যালন ডি’অরের লড়াইয়ে হন অষ্টম। বেনজেমা, নেইমারের মতো অভিজ্ঞদের থেকে কাছ শিখে নিজেকে সমৃদ্ধ করতে চান তিনি।
"আমি অনেক কিছু শুনি। করিম (বেনজেমা) ও নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে আমি শিখতে চাই। আপনাদের মতে আমি একজন তারকা, আর সেই হিসেবে চাপ সামলানো আমার জন্য সবসময় সহজ ছিল। আমি সবসময় শান্ত থেকেছি। এটা রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের হয়ে খেলতে সাহায্য করে। কারণ, আমি সেই সব গ্রেট খেলোয়াড়দের কাছ থেকে শিখতে পারি, যারা তাদের ক্যারিয়ারে অনেক কিছু জিতেছে।”
