১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হামজাকে দশে ‘দশ’ দিলেন ডুলি

শ্রীলঙ্কা ম্যাচে হামজা চৌধুরীর পারফরম্যান্সে দারুণ খুশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

হামজাকে দশে ‘দশ’ দিলেন ডুলি

অবিশ্বাস্য গোল করা ফারহান আলী ওয়াহিদকে অধিনায়কের মতোই পাদপ্রদীপের আলোয় রাখতে চাইলেন হামজা চৌধুরী। ছবি: শামসুল হক রিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 02:25 AM

Updated : 12 Nov 2026, 02:25 AM

গোল করলেন। আক্রমণের সুর বেঁধে দিলেন। শমিত সোমের প্রথম গোলের উৎসও ছিলেন তিনি। শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশকে অধিনায়কের মতোই সামনে থেকে নেতৃত্ব দিলেন হামজা চৌধুরী। তার উপস্থিতিতে উজ্জীবিত হয়ে ফারহান-রাকিবরাও মেলে ধরলেন নিজেদের। দাপুটে ফুটবল খেলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ার হামজাকে তাই দশে দশ দিতে একবিন্দু কার্পণ্য করলেন না কোচ টমাস ডুলি।

হামজার অনুপস্থিতিতে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। ইংল্যান্ড প্রবাসী এই তারকাকে নিয়ে বুধবার শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় দল। হামজার থাকা, না থাকার পার্থক্য বাংলাদেশ কোচ ডুলি বুঝিয়ে দিলেন এক কথায়।

“দশে দশ দিব।”

ম্যাচ জুড়ে হামজার ভূমিকায়, তার খেলার ধরণে শ্রীলঙ্কার দলের প্রবাসীরাও মুগ্ধ-ম্যাচ শেষের প্রতিক্রিয়া ডুলি এ কথাও জানালেন গর্বভরে।

“যদি আমাদেরও অন্যদের মতো একজন নাম্বার-নাইন থাকত; একজন দীর্ঘদেহী খেলোয়াড় যে, প্রতিপক্ষের বিপজ্জনক এলাকায় ঢুকে যাবে, তাহলে নিশ্চিতভাবেই অনেককিছু সহজ হয়ে যায়। আমি মনে করি, হামজা ১০ নম্বর হিসেবে থাকায় সে বক্সের ভেতরে আমাদের আরও বিপজ্জনক হতে অনেক সাহায্য করতে পারে। যখন তার মতো গতির একজন খেলোয়াড় সামনে থাকে, তখন আক্রমণ করা অনেক সহজ হয়ে যায়।

“ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে কথা বলছিলাম, ওদের জার্মানি থেকে আসা প্রায় তিনজন খেলোয়াড় ছিল, ওরাও বলছিল (হামজাকে নিয়ে) এবং ওরা ভীষণ মুগ্ধ। বলছিল, হামজাকে নিয়ে ওদের কতটা সতর্ক থাকতে হয়েছিল। যে গতি ওর রয়েছে এবং যে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সে যে প্রেসিং করে; এটা সত্যিই অসাধারণ এবং তা অবশ্যই আমাদের সাহায্য করে।”

ক্লাবে হামজা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন। বাংলাদেশের হয়ে খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডে। ডুলি জানালেন, আগে থেকে হামজাকে তিনি আক্রমণভাগে খেলাতে চেয়েছিলেন তার গতি, নিখুঁত পাসিং কাজে লাগাতে। দলের বাকিদের আরও স্বাধীনভাবে খেলার সুযোগ করে দিতে।

“স্পষ্টতই আমরা যা করার চেষ্টা করছিলাম, সে ঠিক সেটাই করেছে। আশা করছিলাম ১০ নম্বর পজিশনে তার উপস্থিতির কারণে প্রতিপক্ষ দল তাকে নিয়ে একটু বেশি সতর্ক থাকবে। আর জানেনই তো, হামজা যখন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে, ইংল্যান্ডে সে যেভাবে খেলে, কিংবা আমাদের সাথেও যখন ৬ বা ৮ নম্বর পজিশনে খেলে, তখন সে অনেক বেশি ওপরে উঠে যায়। কারণ সে সব জায়গায় সাহায্য করতে চায়।

“প্রথমত আমি ভেবেছিলাম, যদি হামজাকে ওপরে খেলাতে পারি, তাহলে তার ফুটবল জ্ঞানের কারণে সে বাইরের খেলোয়াড়দের এবং সেন্টার ফরোয়ার্ডকে পাস দিয়ে সাহায্য করতে পারবে। দ্বিতীয়ত, ২০ গজ দূর থেকে শট নেওয়া এবং হেড করার জন্য বক্সের ভেতরে ঢুকে পড়া, এসব ক্ষেত্রে সে প্রতিপক্ষের জন্য সত্যিই বিপজ্জনক হতে পারে। এতে আমাদের অন্য খেলোয়াড়রাও কিছুটা বেশি স্বাধীনতা পায়। আর খেলার সময় তার যে প্রাণশক্তি, যে গতি, এবং আগ্রাসন-তা পেশাদার ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ।”