‘কখন কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, জানে আর্জেন্টিনা’
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে, মেসির সমালোচনা করা ঠিক নয়।
নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচের পর মেজাজ হারাতে দেখা যায় লিওনেল মেসিকে। এজন্য আর্জেন্টিনা অধিনায়কের সমালোচনা করছেন কেউ কেউ। বিষয়টি মানতে পারছেন না দলটির কোচ লিওনেল স্কালোনি। তার মতে, পুরো দল ও রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকা খুব ভালোভাবেই জানেন, কীভাবে জয় বা হারের পর প্রতিক্রিয়া জানাতে হয়।
মাঠে ও মাঠের বাইরে বরাবরই শান্ত প্রকৃতির মেসিকে ভিন্ন চেহারায় দেখা যায় শেষ আটের লড়াইয়ে। দ্বিতীয়ার্ধে সফল স্পট কিকে দলকে ২-০ গোলে লিড এনে দেওয়ার পর তিনি উদযাপন করেন নেদারল্যান্ডসের ডাগআউটের সামনে গিয়ে, যেখানে বসা ছিলেন দলটির কোচ লুই ফন খাল।
ম্যাচের পর সাবেক বার্সেলোনা কোচের দিকে আঙুল তুলেও কথা বলতে দেখা গেছে মেসিকে।
ম্যাচ চলাকালীন ডাচদের জোড়া গোল করা ভঠ ভেহর্স্টের সঙ্গে কয়েকবার উত্তেজিত হয়ে কিছু বলতে দেখা যায় মেসিকে।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের স্কোরলাইন ২-২ সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
লড়াই শেষে সাক্ষাৎকার দিচ্ছিলেন মেসি। পাশ দিয়ে যাওয়া ভেহর্স্টকে দেখে আবার মেজাজ হারান পিএসজি তারকা। মার্কার প্রতিবেদন অনুযায়ী নেদারল্যান্ডস ফরোয়ার্ডকে ‘বোবো’ বলেন মেসি, যার অর্থ ‘বোকা'’।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির অমন প্রতিক্রিয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, তার দলের অধিনায়কের সমালোচনা প্রাপ্য নয়।
“এটি ফুটবল। সমালোচনাটা ন্যায্য ছিল না, কারণ আমরা জানি কীভাবে হারতে হয়, কীভাবে জিততে হয়। আমরা সৌদি আরবের বিপক্ষে হেরেছিলাম, তখন আমরা কিছুই বলি না।”
“আমরা (২০২১ কোপা আমেরিকার ফাইনালে) ব্রাজিলের বিপক্ষে জিতেছিলাম এবং ম্যাচের পর মেসি, নেইমার ও পারেদেসের মধ্যে সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হয়েছিলাম।”
গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ওই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে ব্রাজিলের নেইমারের পাশে বসে হাসিমুখে কথা বলছিলেন মেসি ও মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।
