'ক্রোয়েশিয়াকে সম্মান দিন', কানাডা কোচের প্রতি দালিচ
নিজ দলের প্রতি অসম্মান কোনোভাবেই মেনে নিতে পারছেন না ক্রোয়েশিয়া কোচ।
মাঠের লড়াই শুরুর আগে কানাডা কোচের এক মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রোয়েশিয়ায়। পরাজয়ে আসর শুরুর পর শিষ্যদের অনুপ্রাণিত করতে ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচটি নিয়ে কানাডিয়ান কোচ যে ‘অশ্লীল মন্তব্য’ করেছেন, তাতে বেজায় ক্ষেপেছেন লুকা মদ্রিচদের কোচ জ্লাতকো দালিচ। তার মতে, দল হিসেবে সবার কাছ থেকে সম্মান তাদের প্রাপ্য।
৩৬ বছর পর বিশ্বকাপে ফেরা কানাডা প্রথম ম্যাচে দারুণ আক্রমণাত্মক খেলেও বেলজিয়ামের বিপক্ষে হেরে যায় ১-০ গোলে। ম্যাচ শেষে মাঠে খেলোয়াড়দের একত্রিত করে কথা বলতে দেখা যায় কানাডা কোচ জন হার্ডম্যানকে।
পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খেলোয়াড়দের উজ্জীবিত করতে তিনি বিশেষ একটা শব্দ ব্যবহার করে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিতে বলেছেন। ওই শব্দটি অশ্লীলতার একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে অনেক জায়গায় ব্যবহৃত হয়। হার্ডম্যানের ওই মন্তব্য ক্রোয়েশিয়ান মিডিয়ায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
দেশটির একটি সংবাদপত্র তাদের প্রথম পাতায় কানাডা কোচের নগ্ন ছবি দিয়ে উপহাস করেছে।
দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রোববার মাঠে নামবে ক্রোয়েশিয়া ও কানাডা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা। আসছে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হার্ডম্যানের মন্তব্য নিয়ে দালিচ বলেন, তারা নিজেরা যেমন অন্য দলগুলকে সম্মান করেন, অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করেন।
“সবার কাছ থেকে ক্রোয়েশিয়া দলের সম্মান প্রাপ্য। আমরা (বর্তমান) রানার্স-আপ, বিশ্বের দ্বিতীয় সেরা দল। আমরা সবাইকে সমানভাবে সম্মান করি। তাই আমরা আশা করি, প্রতিপক্ষ দলগুলোও আমাদের সম্মান করবে। কথা বলার এই ধরণ সম্মান প্রদর্শনের লক্ষণ নয়।”
কানাডার সংবাদ সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল হার্ডম্যানের কাছে। তিনি বলেন, বিষয়টি যে অনেকদূর গড়িয়েছে এই ব্যাপারে তিনি অবগত।
নিজের সংবাদ সম্মেলনে দালিচ ৯০ সেকেন্ডের মধ্যে ১৩ বার ‘সম্মান’ শব্দটি ব্যবহার করেন।
“আমরা যেভাবে খেলি, সবার সঙ্গে যেমন আচরণ করি এবং অন্য সব দলগুলোকে যেভাবে সম্মান করি, সেই কারণেই আমরা সম্মান পাওয়ার যোগ্য।”
দালিচের পাশে বসা ছিলেন অভিজ্ঞ ফরোয়ার্ড ইভান পেরিসিচ। জবাবটা তিনি দিতে চান মাঠেই।
“আমি কোচের সঙ্গে একমত এবং ম্যাচ শুরু হওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি।”
বিশ্বকাপের আগে কখনও একে অন্যের বিপক্ষে খেলেনি ক্রোয়েশিয়া ও কানাডা। এই ম্যাচে হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারে কানাডার।
