গতিময় ইংল্যান্ডের আর যেসব দক্ষতা ভাবাচ্ছে দেশমকে
ফ্রান্স কোচের মতে, তাদের ইংল্যান্ডের গতিময় ফুটবল সামলানোর ওপর অনেকটাই নির্ভর করবে কোয়ার্টার-ফাইনাল লড়াইয়ের ভাগ্য।
কাতার বিশ্বকাপে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে আলো ছড়াচ্ছে ইংল্যান্ড। এখন পর্যন্ত আসরে তারা করেছে যৌথভাবে সর্বোচ্চ ১২ গোল। প্রায় সব ম্যাচেই তাদের দেখা গেছে গতি দিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলতে। সঙ্গে সেট-পিসে তারা আগে থেকেই বেশ কার্যকর। কোয়ার্টার-ফাইনালে তাদের বিপক্ষে লড়াইয়ের আগে দলটির শক্তির জায়গাগুলো নিয়ে সাবধানী ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফরাসি কোচের মতে, গতির পাশাপাশি সেট-পিসে ভয়ঙ্কর গ্যারেথ সাউথগেটের দল তাদের বিপদে ফেলতে পারে প্রতি-আক্রমণেও।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোল উৎসব করে ইরানকে ৬-২ ব্যবধানে হারায় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর শেষ ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর শেষ ষোলোয় সেনেগালের বিপক্ষেও একই স্কোরলাইনে জেতে তারা।
সেনেগালের বিপক্ষে প্রথম ৩০ মিনিটে সেভাবে আক্রমণ শাণাতে ব্যর্থ ইংল্যান্ড বিরতির আগে ১০ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের লাগাম হাতে নেয়। জর্ডান হেন্ডারসন ও হ্যারি কেইনের করা গোল দুটি দারুণ দুটি আক্রমণের ফল। বিশেষ করে কেইনের গোলটি হয় দুর্দান্ত এক প্রতি-আক্রমণে। নিজেদেরন সীমানা থেকে ক্ষীপ্র গতিতে ওঠা আক্রমনে প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই বল জালে পাঠান ইংল্যান্ড অধিনায়ক।
আগামী শনিবার সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ইউরো ২০১২-এর পর এই প্রথম বড় টুর্নামেন্টে মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড দলকে প্রশংসায় ভাসান দেশম। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা এই ফরাসি মনে করেন, ইংল্যান্ডের গতিময় ফুটবল তারা কীভাবে সামলাবেন, তার ওপর অনেকটাই নির্ভর করবে ম্যাচের ভাগ্য।
“গতি প্রায়শই সফলতার একটি চাবিকাঠি – কারণ, গতিময় আক্রমণের সময় প্রতিপক্ষ সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় পায় না। তবে গোল করার জন্য স্রেফ গতির চেয়ে আরও কিছুর প্রয়োজন হবে। প্রতিপক্ষের অনেক কৌশলই ভেস্তে দেওয়া যায়, কিন্তু খুব গতিসম্পন্ন কাউকে থামানো খুব কঠিন, বিশেষ করে প্রতি-আক্রমণে।”
“ইংল্যান্ড ট্রানজিশনে খুব শক্তিশালী - তাদের অর্ধেকেরও বেশি গোল এসেছে দ্রুতগতির প্রতি-আক্রমণ থেকে। কিন্তু তাদের অন্যান্য গুণাবলীও আছে - তাদের টেকনিক্যাল দক্ষতা আছে, গোল করার সামর্থ্য আছে এবং সেট-পিসেও তারা কার্যকর।”,
