‘ফ্রান্স ফেভারিট, তবে আমাদের মেসি আছে’
লিওনেল মেসি যে একাই পার্থক্য গড়ে দিতে পারে, সেটা মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
ফাইনালের দুই দলকে নিয়ে চলছে চর্চা। আলোচনার টেবিলে উঠছে ঝড়। শক্তি-সামর্থ্য, দুর্বলতা নিয়ে চলছে কাটাছেঁড়া। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের মতে, অনেকে ফ্রান্সকে এগিয়ে রাখলেও নিজেদের দুর্বল ভাবার কোনো কারণ দেখছেন না তিনি। কারণ, তাদের দলে যে আছেন ‘বিশ্বের সেরা’ ফুটবলার।
শিরোপার লড়াইয়ে রোববার মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
মার্তিনেস বিশ্ব সেরা বলতে যে লিওনেল মেসির কথা বলছেন, ফুটবল অনুরাগীদের বুঝে যাওয়ার কথা। তার কাঁধে ভর করেই আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে ফাইনালে। বিশ্ব সেরার মঞ্চে ৩৬ বছরের খরা কাটাতে স্রেফ এক ধাপ দূরে দলটি।
বয়স ৩৫ হলেও মেসির পারফরম্যান্সে তার ছাপ নেই বললেই চলে। মাঠে জাদুকরী সব মুহূর্ত উপহার দিয়ে চলছেন তিনি প্রতিনিয়ত। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়েও করাচ্ছেন।
সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা এতদূর এসেছে মেসির অসাধারণ নৈপুণ্যেই। এখন পর্যন্ত ৬ ম্যাচে পাঁচ গোল করেছেন ফুটবলের এই মহাতারকা। সতীর্থদের তিনটি গোলে আছে তার অবদান। চলতি আসরে এই দুটিই যৌথভাবে সর্বোচ্চ।
আর শিরোপাধারী ফ্রান্স শুরু থেকেই খেলছে দাপটের সঙ্গে। ৬০ বছর পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জিততে মুখিয়ে আছে তারা।
আর্জেন্টিনার বিপক্ষে গত বিশ্বকাপেও দেখা হয়েছে ফ্রান্সের। সেবার শেষ ষোলোয় লাতিন আমেরিকার দলটিকে ৪-৩ গোলে হারায় তারা। পরে ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ইউরোপের দলটি।
আর্জেন্টিনার বিপক্ষে বিগত দেখা ও সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে এবারের ফাইনালেও ফ্রান্সকেই ফেভারিট হিসেবে দেখছেন অনেকে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেটা স্বীকার করে নিলেন মার্তিনেসও। তবে মেসি যে একাই পার্থক্য গড়ে দিতে সক্ষম, সেটাও মনে করিয়ে দিলেন তিনি।
“আমরা যখন ব্রাজিল খেলতে গিয়েছিলাম (গত বছরের কোপা আমেরিকায়), তখন তারা ফেভারিট ছিল। এখন অনেকের কাছে ফ্রান্স ফেভারিট। কিন্তু আমাদের আছে বিশ্বের সেরা খেলোয়াড়।”
সবশেষ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ফেভারিট মানা হয়েছিল। আনহেল দি মারিয়ার গোলে শক্তিশালী স্বাগতিকদের তাদের মাঠেই হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা।
ওই কোপা আমেরিকায়ও অসাধারণ পারফর্ম করেন মেসি। ব্রাজিলের নেইমারের সঙ্গে জেতেন যৌথভাবে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার। মেসি এবার সেবারের পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেছেন বলে মনে করেন মার্তিনেস।
“আমি কখনও ভাবিনি যে, ২০২১ সালে মেসি যেমন খেলেছিলেন তার চেয়ে ভালো দেখতে পাব; তবে এই বিশ্বকাপে তিনি আরও ভালো খেলছেন।”
