বিশ্বকাপ শেষ ডেনমার্কের ডিলেনির
হাঁটুর চোটে ভুগছেন দলটির এই অভিজ্ঞ মিডফিল্ডার।
বিশ্বকাপের শুরুতে বড় ধাক্কা খেল ডেনমার্ক। দলের অভিজ্ঞ খেলোয়াড় থমাস ডিলেনিকে হারাল তারা। চোটের কারণে আসর থেকেই ছিটকে পড়লেন এই মিডফিল্ডার।
‘ডি’ গ্রুপে গত মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে লড়াইয়ে ডেনমার্কের শুরুর একাদশে ছিলেন ডিলেনি। কিন্তু পুরো সময় খেলতে পারেননি তিনি।
রোমাঞ্চকর ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে মাঠ ছাড়তে হয় সেভিয়ার এই খেলোয়াড়কে। তার বদলি হিসেবে নামেন মিকেল ডামসগার্ড।
পরে বুধবার নিশ্চিত করা হয়, ৩১ বছর বয়সী ডিলেনির হাঁটুতে চোট ধরা পড়েছে। যা শেষ করে দিয়েছে বিশ্বকাপে তার খেলা।
ডেনমার্ক কোচ কাসপের হিউমান্দ মতে, দলের জন্য এটি বড় ধাক্কা।
“মাঠ এবং মাঠের বাইরে আমরা তার অভাব অনুভব করব। অন্য খেলোয়াড়রা প্রস্তুত আছে। পরের ম্যাচের জন্য আমাদের শক্তিশালী স্কোয়াড রয়েছে।”
ডেনমার্কের হয়ে এখন পর্যন্ত ৭২ ম্যাচ খেলেছেন ডিলেনি। দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন তিনি। ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ডেনিসদের সেমি-ফাইনালে ওঠার পথে বড় অবদান রাখেন তিনি।
এবারের বিশ্বকাপে ডেনমার্ককে মনে করা হচ্ছে ‘ডার্ক হর্স।’ নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি তারা। তিউনিসিয়ার বিপক্ষে দারুণ লড়াইয়ের ম্যাচটি হয় ড্র।
শিরোপাধারী ফ্রান্সের বিপক্ষে আগামী শনিবার মুখোমুখি হবে ডেনমার্ক। তাদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে, মঙ্গলবার।
