ইরান কোচের আশা, পরের বিশ্বকাপে এত রাজনীতি থাকবে না
ফুটবলকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ইরান কোচ কার্লোস কিরোস।
এলজিবিটি বিরোধিতা, মানবাধিকার লঙ্ঘন, অভিবাসী শ্রমিকদের সঙ্গে করা নিপীড়নমূলক আচরণসহ নানা বিষয় নিয়ে অনেক আগে থেকেই বিতর্কের মধ্যে আছে কাতার বিশ্বকাপ। টুর্নামেন্ট চলাকালেও চলছে বিভিন্নরকম প্রতিবাদ। ইরান দলের ওপর পড়েছে তাদের দেশে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রভাবও। দলটির কোচ কার্লোস কিরোসের আশা, ভবিষ্যতে বিশ্বকাপে রাজনীতির চেয়ে ফুটবলকেই গুরুত্ব দেওয়া হবে বেশি।
গত সেপ্টেম্বরে ইরানের কুর্দিস্তান থেকে তেহরানে আসা ২২ বছরের তরুণী মাশা আমিনিকে ‘ঠিকমতো’ হিজাব না পরবার কারণে গ্রেপ্তার করে রাজধানীর নীতি পুলিশ। সুস্থ অবস্থায় গ্রেপ্তার হবার পর পুলিশ হেফাজতে নির্যাতনে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই মাসেরও বেশি সময় ধরে ব্যাপক বিক্ষোভ চলছে ইরানে। সহিংসতায় প্রাণ হারিয়েছে অনেক মানুষ।
বিশ্বকাপকে ঘিরে বিক্ষোভকারীদের প্রত্যাশা ছিল, ইরান দল বিশ্ব সেরার মঞ্চে তাদের সমর্থন তুলে ধরবে। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে হেরে যায় ইরান। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে ইরানের জাতীয় সঙ্গীত বাজানোর সময় ঠোঁট মেলানো থেকে বিরত থাকেন এশিয়ার দলটির ফুটবলাররা।
ম্যাচের পর কিরোস বলেন, তার খেলোয়াড়রা প্রচণ্ড সমালোচনার মধ্যে রয়েছে এবং এমনকি ফুটবলের সঙ্গে সম্পর্ক নেই, এমন বিষয়ে তাদের হুমকিও দেওয়া হয়েছে।
পরের ম্যাচে ওয়েলসকে হারিয়ে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা জাগায় ইরান। গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, যারা ইরানের কূটনৈতিক প্রতিদ্বন্দ্বী।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কিরোস বলেন, এই বিশ্বকাপ থেকে শিক্ষা নেবে সবাই। খেলাটিকে শুধু বিনোদনের উপলক্ষ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
“এই বিশ্বকাপকে ঘিরে যে ঘটনাগুলো ঘটছে, আশা করি তা ভবিষ্যতে আমাদের সকলের জন্য শিক্ষা হবে। আমরা শিখব যে, আমাদের লক্ষ্য এখানে বিনোদন দেওয়া এবং ৯০ মিনিটের জন্য মানুষকে আনন্দ দেওয়া।”
