বিশ্বকাপের আগেই দিবালার ফেরার আশায় মরিনিয়ো
রোমা কোচের বিশ্বাস, বিশ্বকাপে খেলবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
প্রায় এক মাস বাইরে থাকা পাওলো দিবালার বিশ্বকাপে খেলার সম্ভাবনায় জোর হাওয়া দিলেন জোসে মরিনিয়ো। রোমা কোচ আশাবাদী, কাতার আসরের আগে ক্লাবের হয়ে মাঠে ফিরবেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গত অক্টোবরের শুরুতে ঊরুতে চোট পান দিবালা। এরপর থেকে মাঠের বাইরে আছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। কবে নাগাদ তিনি ফিরতে পারেন, এ ব্যাপারে তখন স্পষ্ট কিছু জানায়নি ইতালিয়ান ক্লাব। তবে মরিনিয়োর কথায় ধারণা করা হচ্ছিল দিবালার বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেশ ক্ষীণ।
চোটে থাকলেও বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে আছেন দিবালা। গত ২১ অক্টোবর টিওয়াইসি স্পোর্টস জানায়, লিওনেল স্কালোনির ৪০ জনের তালিকা দেখার সুযোগ হয়েছে তাদের এবং সেখানে সাবেক ইউভেন্তুস খেলোয়াড়ের নাম আছে।
মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে রোমার হয়ে ৫টি গোল করেন দিবালা। তাকে নিয়ে উৎকণ্ঠায় থাকা আর্জেন্টিনাকে স্বস্তির খবর দিলেন মরিনিয়ো।
গত রোববার সেরি আয় লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে হারের পর ডিএজেডএন-কে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, সব ঠিক থাকলে খুব শিগগির মাঠে ফিরবেন দিবালা।
“অবশ্যই সে বিশ্বকাপে খেলতে চায়, এই ব্যাপারে না বলাটা কঠিন। যদি তার চোটের ভালো উন্নতি হয়, তাহলে আগামী রোববার (১৩ নভেম্বর) তোরিনোর বিপক্ষে তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”
বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় আগামী ১৪ নভেম্বর। আর এর ছয় দিন পর শুরু হবে মাঠের লড়াই।
‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই গ্রুপের অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
